# সকালের গল্প

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2020-02-18T13:41:11+00:00
- Updated: 2020-02-18T15:49:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

---

এই শোন !  
ফোনটা রেখো না যেন ;  
একটা সকালের গল্প বলি ;  
খুশি হবে শুনে ;  
তুমি বিহনে-  
কি করে কেটে যায় দিনগুলি ।

তুমি নেই তাই দুষ্টু বাতাস ;  
উড়ায় জানালার আঁচল  
কড়কড় শব্দে তোমার সুরে ডাকে  
ঝং ধরা কব্জাটা……..বিকল ।

টিনের চালায় পায়রাগুলির  
ডানা ঝাপটানোর শব্দে ,  
আছড়ে পড়ে আয়েশী কিরণ  
একেলা বিছানাতে ।  
গ্রীলের ফাঁকে, সোজা সরু পথে  
কাতুকুতু দেয় পাপড়িতে ,  
ঘোর লাগা ভোরে, ভিষন মজার  
স্বপ্নটা ভেঙ্গে দিতে ।

এ যেন তুমি – তিথী !  
তোমারি শিক্ষায় আমার নিত্য প্রকৃতি,  
বদলেছি আমি ;  
যেমনটা তুমি,  
শুধু, বদলায়নি জীবনের গতি ।

আড়মোড়া ভাঙ্গে-  
অর্ধেকটা চায়ের, প্রচন্ড তৃষ্ণায় ;  
তোমার উপস্থিতি আর অনুভবে  
আমার চারি-পাশটায় ।

পা’ দুটু ঝুলিয়ে, চাদরটা সরিয়ে  
তে’পায়ায় দু চোখ মেলি,  
রাতের আধা জল, ভয়ার্ত শীতল  
তৃষ্ণার্ত গলায় ঢালি ।

যেন তোমাকেই তিথী, শিশিরের কানে  
ফিসফিস করে বলি ,  
দিয়ে যা না ঝেড়ে, আধো বোজা চোখে  
ভেজা দুটি অঞ্জলি ।

কোথায় গেলে !  
একলা সকালে,  
এতো দুরে যায়কি কেউ ?  
একা একাকী, একলা পাখি  
ভাঙ্গে তবু – স্বপ্নের ঢেউ ।

এমনি আমার, খুলেছে আখি  
ফুরালো ভেজা ভোর ,  
ওদিকে !  
তোমার ঠোটে ছুঁয়েছে কি শিশির ?  
ললাটে রোদ্দুর !!?

-০-

 

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/#comments
