# সংসার সংসার খেলা

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-02-05T15:12:42+00:00
- Updated: 2020-02-05T15:17:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

‘***আমার তোমাকে চাইবার অজস্র কারণ থাকলেও***  
***তোমার আমাকে চাইবার কোনো কারণ নেই’***  
এটা জেনেও বারংবার তোমাকে চেয়ে কেবল নিজেকেই ছোট করেছি। নিচে নামাতে নামাতে এতোটাই নিচে নামিয়েছি নিজেকে যে ইচ্ছে করলেই আর নিচু মাথা উঁচু করার জ্যো নেই আমার।

নির্লজ্জতার  সব সীমা অতিক্রম করে একদিন বলেছিলাম ভালোবাসি। আমি ভালোবাসি বলার আগে তোমার জীবনে কেউ আছে কিনা, তুমি কাউকে ভালোবাসো কিনা? তা জানার, বোঝার প্রয়োজন অনুভব করিনি। প্রয়োজন অনুভব করিনি কারণ আমি আমার ছাড়া আর কারো ভাবনার তোয়াক্কা করিনি কখনো। নিজে যা ভেবেছি, যা চেয়েছি সবসময় সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমার কাছে। বলতে পারো স্বার্থপর নারী একটা! যার নিজেকে ছাড়া আর কাউকে নিয়ে কোনো মাথাব্যথা নেই। যে নিজে ভালো থাকবে বলে অন্যকে বাধ্য করতেও পিছপা হয়না।

আমি ভালোবাসি বলার পর যখন বুঝতে পারলাম আমি যে চোখে তোমায় দেখছি তুমি তেমন কিছুই ভাবছো না আমাকে নিয়ে। তোমায় নিঃশ্চুপ নিস্তব্ধ মৌন থাকতে দেখে বুঝে গেলাম আমি যা করেছি সেটা নেহাতই মূর্খতা। নিজের আবেগ ধরে রাখতে না পারার মূর্খতায় বার বার নিজেকেই ধিক্কার দিয়েছি। যদিও আমি এতোটা সফট না তবুও কেনো যে তোমার কাছে দুর্বল হয়ে গেলাম, কেনো যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলাম? এসব ভেবে ভেবে যখন লজ্জায় মরে যাচ্ছিলাম তখন আমার সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দিলে ছোট্ট একটা চুমুতে। আমি নির্বাক, হতবাক হয়ে ঠাঁয় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ! ভেবে ঠাওর করতে পারছিলাম না এটা কল্পনা ছিলো নাকি বাস্তব? অলীক স্বপ্নে বিভোরই তো আমি নাকি যা হলো তা সত্যি ছিলো?  
যখন হুশে ফিরলাম তখন তোমার দিকে তাকিয়ে মনে হলো এও কি সম্ভব! তবে কী আমি সত্যিই পেয়ে গেলাম আমার ভালোবাসার স্বীকৃতি?

হ্যাঁ অবশেষে পেয়ে গেলাম আমি আমার ভালোবাসার স্বীকৃতি। এ এক অন্য রকম অদ্ভুত অনুভূতি, অদ্ভুত ভালোলাগা? আমার এই বিবর্ণ জীবন রঙে রঙে রঙিন হয়ে উঠলো। যুগ যুগ ধরে এমন দিনের প্রতীক্ষায় ছিলাম। নতুন করে বাঁচতে ইচ্ছে করলো। ইচ্ছে করলো এই এক জীবনের বাকীটা পথ তোমার সাথে, তোমার হাতে হাত রেখে পাড়ি দিতে। নতুন করে শুরু করার স্বপ্ন দেখলাম।  
নিজের মনে প্রতি মুহূর্তে তোমাকে নিয়ে সংসার  করছি। ঘেমেঘেট রান্না করে তোমার জন্য অপেক্ষা করছি। সারাদিনের ক্লান্তি নিয়ে তুমি যখন ঘরে ফিরছো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চুলে বিলি কেটে দিচ্ছি আর তুমি আমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে যাচ্ছো। এমনি করেই কেটে যাচ্ছে তোমাকে নিয়ে আমার সংসার। আমার ভালোবাসার সংসার।

বর বউ সেজে সংসার সংসার খেলতে খেলতে একদিন সত্যিই তোমার বউ হওয়ার বাসনা পেয়ে বসলো আমাকে। সত্যি সত্যিই সংসার করতে ইচ্ছে করলো তোমার সাথে। তোমার জন্য রান্না করে নিয়ে অপেক্ষা করা, তোমার মাথায় হাত বুলিয়ে দেওয়া, তোমার চুলে বিলি কেটে দেওয়া, আমার কোলে মাথা রেখে তোমার ঘুমোতে যাওয়া। যা যা কল্পনায় করতাম তা তা বাস্তবে করতে ইচ্ছে করলো।  আমি ভুলে গিয়েছিলাম কল্পনায় পাওয়া তোমাকে বাস্তবে পাওয়া তো দূর ছোঁয়াও যায় না। অলীক স্বপ্নে আমি বিভোর থাকলেও তুমি বাস্তবতা থেকে একচুল সরে যাও নি। না যাওয়ায় স্বাভাবিক। সবাই তো আর তার পিছুটান থেকে বের হয়ে অলীক স্বপ্নে গা ভাসাতে পারে না। তুমিও পারোনি। তাই আমি যখন  তোমায় নিয়ে  বর-বউ খেলছি তুমি তখন অতীতে ফিরে গিয়ে করছো স্মৃতি রোমন্থন। সময় এসেছে কল্পনা থেকে বেরিয়ে বাস্তবতায় পদার্পণ করা। অনেক হয়ে মিছেমিছি সংসার সংসার খেলা এবার সত্যটাকে মেনে নেবার পালা।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
