# সংলাপ না কি সরকার পতন?

- Author: [একজন আইজুদ্দিন](https://sonelablog.com/author/m-r-zaman/)
- Published: 2015-02-09T10:51:01+00:00
- Updated: 2015-02-09T10:51:01+00:00
- Category: [এদেশ](https://sonelablog.com/category/this_country/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: রাজনিতি
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8/

---

বিরোধী দল রাজপথে নামতে পারছে না, রাজনৈতিক সমাবেশ করার মতো শক্তি এবং জনসমর্থন এই মুহূর্তে তাদের নেই। বিএনপি বার বার দাবী করে আসছে, তাদের নেতা কর্মীদের রাজপথে নামতে দেওয়া হচ্ছে না। পক্ষান্তরে বলা যায়, সরকারী আইন শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে আন্দোলন করার ক্ষমতা তাদের নেই। তাহলে এটা স্পষ্ট প্রতীয়মান হয়, সরকারের উপর চাপ সৃষ্টিতে তারা রাজনৈতিকভাবে পুরোপুরি ব্যর্থ। একটা ব্যর্থ রাজনৈতিক দলের দাবী মানতে সরকার কেন বাধ্য হবে? বিরোধীদল তাদের দাবী দাওয়া আদায়ে গনসম্পৃক্ততা বাড়িয়ে সোচ্চার আন্দোলন গড়ে তুলবে, দেশের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারকে সেই দাবীর কাছে মাথা নোয়াতে বাধ্য করতে হবে। তবেই না আন্দোলন!

এখন, দেশের বেশিরভাগ সুশীল শ্রেণীর বুদ্ধিজীবীরা দেশের চলমান সঙ্কটকে মোকাবেলা করার জন্য সরকারকে সংলাপে বসার আহবান জানাচ্ছেন। যে রাজনৈতিক দলটি আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে একটি সুনির্দিষ্ট ম্যাসেজ পৌছাতে পারে নাই তাদের সাথে কিসের ভিত্তিতে সংলাপ? যে দাবীতে সরকারকে আলোচনায় বসতে বলা হচ্ছে সেই দাবিটি যতক্ষণ পর্যন্ত গনমানুশের দাবী নয় ততক্ষন পর্যন্ত সে দাবী মানতে সরকার বাধ্য নয়। ধরে নিন, সরকার বিএনপি’র সাথে সংলাপে গেল তাহলে দেশের যে শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সহযোগী হিসেবে বিএনপিকে অপছন্দ করে তারা কি সরকারকে প্রশ্নবিদ্ধ করবে না? তারা কি বলবে না, একটি মুক্তিযুদ্ধের স্বপক্ষ দল হয়ে জামাত এবং যুদ্ধাপরাধীদের সাথে কি কারনে সংলাপে গেল সরকার? এই প্রশ্ন উঠতে পারেনা? সরকার কি এই জবাব দিতে বাধ্য নয়?

মোদ্দা কথা, একটি দাবী আদায়ের জন্য যে পরিমান গন মানুষের মতামত লাগে সেই পরিমান মানুষকে বিএনপি কনভিন্স করতে ব্যর্থ হয়েছে। বিএনপির দাবী দেশের বেশিরভাগ মানুষের কাছে কোন নির্দেশনা নিয়ে যেতে পারেনি বা বিএনপি চাপ সৃষ্টি করার মতো শক্তি’র স্ফুরন ঘটাতে ব্যর্থ হয়েচে।তাই সরকার বিএনপির দাবীর কাছে নতি স্বীকার করবে না, এটাই স্বাভাবিক।

সরকার কার সাথে সংলাপ করবে?

সারাদেশে অবরোধের নামে যে সহিংসতা চলছে তার দায় স্বীকার করছে না বিএনপি তথা বিশদলীয় জোট। আবার বিশদলীয় জোট সরকারের উপর এমন রাজনৈতিক চাপ সৃষ্টি করতে সমর্থ হয়নি যার কারনে তাদের সাথে সংলাপ বা আলোচনায় যাবে সরকার। এখন, সরকার যদি সহিংসতা নিরসনে সত্তিকারেই সংলাপে আগ্রহী হয়ে থাকে তাহলে সেই পেট্রোলবোমা নিক্ষেপকারী সন্ত্রাসী বাহিনীর সাথেই তাদেরকে আলোচনায় বসতে হবে। পেট্রোলবোমা নিক্ষেপকারী এই জঙ্গি দলের এখন পর্যন্ত দৃশ্যমান কোন রাজনৈতিক পরিচয় নাই তাই এই সন্ত্রাসী বাহিনীকেই তাদের পরিচয় প্রকাশ করতে হবে এবং সরকারের কাছে তাদের দাবী দাওয়া পেশ করে বলতে হবে যে তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত এই সন্ত্রাস চলতেই থাকবে। তবেই না চাপে পড়ে সরকার  তাদের সাথে আলোচনায় যেতে বাধ্য হবে। বিরোধী দল বলছে তারা বা তাদের কেউ সন্ত্রাস করছে না, তাহলে প্রশ্ন উঠতেই পারে, তাদের সাথে তাহলে সংলাপ করে লাভ কি? বিএনপি যদি এই সন্ত্রাস না করে তবে সরকার বিএনপি’র সাথে সংলাপ করতেই থাকবে আর অন্যদিকে অন্য কেউ তাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পেট্রোলবোমা ছুড়তেই থাকবে কেননা তাদের এজেন্ডা’র সাথে বিশ দলীয় ঐক্য জোটের কোন সম্পৃক্ততা থাকার কথা’ই নয়(যদিও এজেন্ডা মিলে যায় তবে তারা কোন না কোনভাবে বিশদলীয় জোটের’ই অংশ এবং তাদের কর্মের দায় অবশ্যই বিশ দলীয় জোটের ঘাড়েই বর্তায়।)সেই হিসেবে, বিএনপির দাবী দাওয়া পূরণ হওয়ার সাথেও তাদের কোন যাওয়া আসার কথা নয়। তাই, বিশ দলীয় জোটের সাথে আলোচনা করে যদি এই সন্ত্রাস’ই না থামে তাহলে সংলাপ করে অযথা সময় ক্ষেপন কেন করতে চাইবে সরকার?

বিএনপি পড়ে গেছে গ্যাঁড়াকলে! এখন তাই তারা সংলাপের কথা বলতেই চাইছে না। কারন, সংলাপের প্রশ্ন এলে সাথে সাথে সহিংসতা বন্ধের দাবী উঠবেই। সরকার নিশ্চয় সহিংসতা বন্ধের প্রতিশ্রুতি না পেলে সংলাপে বসবে না। বিএনপি যদি বলে, “আচ্ছা, আমরা সহিংসতা বন্ধ করছি, আপনারা সংলাপের ব্যবস্থা করুন” তাহলে এতো দিন যে তারা বলে আসছে তারা এই সহিংসতা করছে না সেটা মিথ্যা প্রমানিত হয়ে যাবে। এমনকি, সংলাপের পর যদি চলমান সহিংসতা বন্ধ হয়ে যায় তবেও প্রমানিত হবে যে এই সহিংসতা আসলে বিএনপি বা বিশদল করেছিল যা তাদের দাবী আদায়ের সাথে সাথেই বন্ধ হয়ে গেছে। এই সাথে, প্রমাণ হবে তিপ্পান্ন জন মানুষকে পুড়িয়ে মারার দায় আসলে তাদের’ই। এটা হবে বিএনপির রাজনৈতিক মৃত্যু’র চূড়ান্ত ধাপ। সুতরাং, তারা সহিংশতার দায় স্বীকার করে সংলাপে যেতে চাইবে না, তারচে বরং হামলা মামলা গুম খুনের দায় আওয়ামীলীগের ঘাড়ে চাপিয়ে সরকার পতনের দাবীতে স্থির থাকাটাই অনেকটা নিরাপদ। সুতরাং, সরকার চাইলেও যে বিএনপি সংলাপে আসবে না এটা প্রায় নিশ্চিত।

 

এখন অপেক্ষার পালা।

 

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8/#comments
