# শ্রদ্ধাঞ্জলীঃ কবি বেগম সুফিয়া কামাল

- Author: [নীলকন্ঠ জয়](https://sonelablog.com/author/nilkanthojoy/)
- Published: 2013-11-20T10:58:22+00:00
- Updated: 2013-11-21T03:36:05+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- Tags: কবি সুফিয়া কামাল, নীলকন্ঠ জয়ের ডায়েরী, শ্রদ্ধাঞ্জলী
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ab%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/

---

> বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
>  অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা
>  একদিন দুপুরে, শাশুড়ি ঘুমিয়ে, সমস্ত শাড়ি বের করে
>  ছ’তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নীচের পৃথিবীতে ।
>  শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান
>  উনিশ বছরের একটা মেয়ে, সে একা ।
>  কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন, পাড়ার মোড়ে
>  একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও
>  পেছনে তিনজন, সেকি উল্লাস, নির্বাক পাড়ার লোকেরা ।
>  বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা ।
>  অষ্ট মঙ্গলায় ফিরে এসে আরও ছটা……

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/sufia-kamal.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/sufia-kamal.jpg)

*বেগম সুফিয়া কামাল(ছবি- অন্তর্জাল)*

আজ নারী জাগরণের কবি বেগম সুফিয়া কামালের মহাপ্রয়াণ দিবস। শ্রদ্ধা প্রিয় কবি সুফিয়া কামাল…

উপরে যেমন বলেছিলে, তোমার দেশে এখনো এমন দেখা যায়, কখনো বা একটু ভিন্নভাবে…  
কিন্তু তুমি বলেছিলে,

> তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর
>  আকাশ-আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার

তুমি গেয়েছো বিধাতার গান, রচিয়াছো তাহার মহিমা কীর্তন। দুই হাত তুলে তুমি বলেছ,

> তুলি দুই হাত করি মোনাজাত
>  হে রহিম রহমান
>  কত সুন্দর করিয়া ধরণী
>  মোদের করেছ দান,
>
>
>
> গাছে ফুল ফল
>  নদী ভরা জল
>  পাখির কন্ঠে গান
>  সকলি তোমার দান৷
>
>
>
> মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন
>  সব মানুষেরা সবাই আপন
>  কত মমতায় মধুর করিয়া
>  ভরিয়া দিয়াছ প্রাণ৷
>
>
>
> তাই যেন মোরা তোমারে না ভলি
>  সরল সহজ সত্‍ পথে চলি
>  কত ভাল তমি, কত ভালোবাস
>  গেয়ে যাই এই গান৷

 

শিশুদের কতোখানি ভালোবাসতে মাতা তুমি তা আমাদের সকলেরই জানা। আজকের শিশুর মাঝেই ভবিষ্যতের স্বপ্ন দেখতে তুমি। তাইতো বলেছিলে,

> তোমাদের গানে, কল-কলতানে উছসি উঠিবে নদী-
>  সরস করিয়া তৃণ ও তরুরে বহিবে সে নিরবধি
>  তোমরা আনিবে ফুল ও ফসল পাখি-ডাকা রাঙা ভোর
>  জগৎ করিবে মধুময়, প্রাণে প্রাণে বাঁধি প্রীতিডোর।

তুমি চীরঞ্জীব বলেছিলে এই ধরণীর কবি ও লেখকদের। বিদায় নিয়েছিলে বিদায়ীর হয়ে বিদায়ীকে,

> কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-
>  গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে
>  রিক্ত হস্তে। তাহারেই পড়ে মনে, ভুলিতেপারি না কোন মতে।

**সংক্ষেপে কবি সুফিয়া কামালের জীবনীঃ**

**জন্মঃ** সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে।

**পিতার নামঃ** সৈয়দ আবদুল বারী।

**মাতার নামঃ** সাবেরা বেগম ।

**উল্লেখযোগ্য রচনাঃ**  
>কাব্যগ্রন্থঃ সাঁঝের মায়া (১৯৩৮)  
মায়া কাজল (১৯৫১)  
মন ও জীবন (১৯৫৭)  
শান্তি ও প্রার্থনা (১৯৫৮)  
উদাত্ত পৃথিবী (১৯৬৪)  
দিওয়ান (১৯৬৬)  
মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)  
>গল্পঃ কেয়ার কাঁটা (১৯৩৭)  
>ভ্রমনকাহিনীঃ সোভিয়েতে দিনগুলি  
>স্মৃতিকথাঃ একাত্তুরের ডায়েরি (১৯৮৯)

**উল্লেখযোগ্য পুরস্কারঃ**  
সুফিয়া কামাল ৫০টির বেশী পুরস্কার লাভ করেছেন। এর মাঝে কয়েকটিঃ  
>বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২)  
>সোভিয়েত লেনিন পদক (১৯৭০)  
>একুশে পদক (১৯৭৬)  
>বেগম রোকেয়া পদক (১৯৯২)  
>জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (১৯৯৫)  
>দেশবন্ধু সি আর দাস গোল্ড মেডেল (১৯৯৬)  
>স্বাধীনতা দিবস পদক (১৯৯৭)

**দম্পতিঃ** সৈয়দ নেহাল হোসেন (১৯২২-১৯৩২; বিধবা)  
কামালউদ্দিন আহমেদ (১৯৩৭-)

**সন্তানঃ** আমেনা আক্তার  
সুলতানা কামাল  
সাঈদা কামাল  
শাহেদ কামাল  
সাজেদ কামাল  
**উল্লেখযোগ্য কর্মকান্ড সংক্ষেপেঃ**  
~১৯৪৭ সালে দেশবিভাগের পর সুফিয়া কামাল পরিবারসহ ঢাকায় চলে আসেন। ভাষা আন্দোলনে তিনি নিজে সক্রিয়ভাবে অংশ নেন এবং এতে অংশ নেয়ার জন্য নারীদের উদ্বুদ্ধ করেন।  
~১৯৫৬ সালে শিশুদের সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে ‘রোকেয়া হল’ নামকরণের দাবী জানান।  
~১৯৬১ সালে পাকিস্তান সরকার কর্তৃক রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে তিনি জড়িত ছিলেন। এই বছরে তিনি ছায়ানটের প্রেসিডেন্ট নির্বাচিত হন।  
~১৯৬৯ সালে মহিলা সংগ্রাম কমিটির সভাপতি নির্বাচিত হন, গণঅভ্যুত্থানে অংশ নেন, পাকিস্তান সরকার কর্তৃক ইতিপূর্বে প্রদত্ত তমঘা-ই-ইমতিয়াজ পদক বর্জন করেন।  
~১৯৭০ সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন।  
~১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের সময় তার বাসভবন সংলগ্ন গোটা ধানমন্ডি এলাকা পাকিস্থানী বাহিনীর নিরাপত্তা হেফাজতে ছিল, আর ঐ সময় তিনি ধানমন্ডিতে নিজ বাসভবনে সপরিবারে নিরাপদে অবস্থান করেন ।  
~স্বাধীন বাংলাদেশে নারীজাগরণ আর সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। ~১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন, কার্ফ্যু উপেক্ষা করে নীরব শোভাযাত্রা বের করেছেন। মুক্তবুদ্ধির পক্ষে এবং সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে আমৃত্যু তিনি সংগ্রাম করেছেন। প্রতিটি প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছেন।

২০ নভেম্বর , ১৯৯৯ সালে তিনি সুন্দর এই পৃথিবীর মায়া ছেড়ে, অসংখ্য গুণাগ্রহীদের কাঁদিয়ে ইহোলোক ত্যাগ করেন। **আজ কবির মহাপ্রয়াণ দিবসে জানাই নিরন্তর শ্রদ্ধা।**

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ab%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/#comments
