# “শ্যাম বালিকা”

- Author: [শান](https://sonelablog.com/author/shaan-mama/)
- Published: 2016-11-23T05:05:04+00:00
- Updated: 2016-11-23T05:05:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/

---

আজি প্রভাতের রৌদ্র মেখে,  
গেলেম ক্লাসে ঘুমটা রেখে,  
একজোড়া চোখ আমায় দেখে,  
ওরে বাপরে বাপ।  
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,  
করবো আমি ভাব।  
.  
অঙ্গে যে তার নীলের শাড়ি,  
দেহের সঙ্গে মনের আড়ি,  
ছুটলো এ মন আমায় ছাড়ি,  
পেড়িয়ে সিঁড়ির ধাপ।  
ওরে, শ্যাম বালিকার সঙ্গেতে আজ,  
করবো আমি ভাব।  
.  
বালিকা যেন কারে খোঁজে,  
স্বর্গ যে তার শাড়ির ভাজে,  
দিলেম যে তাই দুচোখ বুজে,  
তার প্রেমেতে ঝাঁপ।  
ওরে, শ্যাম বালিকার সঙ্গেতে আজ,  
করবো আমি ভাব।  
.  
যেই ওড়ে তার শাড়ির আঁচল,  
হৃদয় তখন হঠাৎ পাগল,  
করতে মনের অদল-বদল,  
ধরিয়ে যে দেয় হাঁপ।  
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,  
করবো আমি ভাব।  
.  
কি যে মায়া তার গালের টোলে,  
ঠোঁটের পাশের ছোট্ট তিলে,  
খেয়ালে হঠাৎ চমকে পিলে,  
ধরছে গায়ে কাঁপ।  
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,  
করবো আমি ভাব।  
.  
দুই চোখে তার সাগর মেলে,  
কিসের গোপন বার্তা খেলে,  
হাসিতে যে তার জগৎ ভুলে,  
বাড়ছে মনের চাপ।  
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,  
করবো আমি ভাব।  
.  
হাটলে সে যে ময়ূর নাচে,  
মাতাল মনের খোরাক রোচে,  
আশায় যেমন চাতক বাঁচে,  
দংশে মনে সাপ।  
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,  
করবো আমি ভাব।  
.  
গান হয় তার মুখের কথা,  
স্পর্শ যে তার ভুলায় ব্যথা,  
জানায় বুকের বামটা যেথা,  
নিচ্ছি যে তার মাপ।  
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,  
করবো আমি ভাব।  
.  
ক্লাসের শেষে ঘেষতে কাছে,  
বুকের খাঁচায় হৃদয় নাচে,  
একপা এগোয় দুইপা পিছে,  
বাড়ছে গায়ের তাপ।  
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,  
করবো আমি ভাব।  
.  
পড়লো দুচোখ তার দুচোখে,  
মনটা দোলে নিবিড় সুখে,  
সত্য তখন আমায় রুখে,  
করতে যেয়েও পাপ।  
ওরে,শ্যাম বালিকার সঙ্গে আমি,  
কেমনে করি ভাব?  
.  
বালিকা সে নয়,হয় মহিলা,  
পদ্মা পাড়ের সেই কপিলা,  
তবু ষোড়শীর সেই পহেলা,  
যৌবন খাপে খাপ।  
ওরে,শ্যাম বালিকার সঙ্গে আমি,  
কেমনে করি ভাব?  
.  
ওনার মেয়ে সহপাঠী মোর,  
শুনেই দেহে পাইনাকো জোর,  
ভাবতে যেয়ে আসলো যে জ্বর,  
কিসের ছিল পাপ?  
ওরে,শ্যাম বালিকার সঙ্গে আমি,  
কেমনে করি ভাব?  
.  
বয়স তারই খালার সমান,  
কেমনে জানি বয়স কমান,  
মন বলে ভাই,এবার থামান,  
জানবে নাহয় বাপ।  
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আর,  
হলোনা আমার ভাব।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/#comments
