# শ্মশান পাঠ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-01T06:40:12+00:00
- Updated: 2020-11-02T08:29:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0/

---

 

জোর মন্ত্রপাঠ আর দুলে ওঠা লেলিহান আগুনে শিখায় ক্রমশ  
পুড়ে পুড়ে খাক হতে হতে মিইয়ে যাচ্ছে একান্ত আপনের শব দেহটি ছাইভস্মে,  
সন্তান, নিকটাত্মীয় ও স্বজনের আহাজারিতে। একটু পরে-ই নিঃশেষিত হবে  
শেষের চিহ্নটুকু, নদী-বুকে; ক্ষত হৃদয়টি থেকে যাবে বহুকাল বহুদিন;  
সময় তাকেও হরণে নেবে একটু একটু করে।

বহুদিন পরে এলাম এই প্রিয় স্মৃতির শ্মশানে, ঝকঝকে উজ্জ্বল আলোর বন্যাতে,  
দেখা হয়ে গেল কত কতজন স্বজনেই সাথে , করোনায় বিস্মৃত যারা, অকালে;

গুচ্ছের মানুষেরা নীরব অশ্রুতে মুহ্যমান, কেউ মুছছে অশ্রু বারংবার, হাহাকারে হাহাকারে,  
কেউ ঝিম মেরে বসে  আছে একাকী, কেউ নিচুস্বরে সেরে নিচ্ছে প্রয়োজনীয় অ-প্রয়োজনীয় আলাপন।  
খোশগল্প! সেও চালু আছে প্রকারান্তরে।

নদীমুখো-নির্জন-নিরিবিলিতে একাকী দাঁড়িয়ে শ্মাশান ডাইনিকে ভাবি,  
দেখা হয়-নি করোনাকালে, সে তো অনেক অনেক দিন। ডাইনি রানী –ই বা কেমন আছে?  
আজকালকার শব মিছিলের দিনে! এখানেও আসি-না, আসা-হয়-না, রাত্রি বা কাল-রাত্রিতে;  
এসেছি যেমন আগে, আগে;

সহসা যেন একটি শিরশিরে হিমের ফুঁ-বাতাস ছুঁয়ে গেল, যত্ন স্পন্দনের  
বিনম্র-উষ্ণতার ঐন্দ্রজালিক আলোক-শিহরণ-বিস্তারে!

স্নিগ্ধতার সৌন্দর্য-মুগ্ধ দু’চোখ শুধু ফ্রেমে-বাঁধা হয়ে ঝুলতে থাকে, তোলপাড় শোকে-ও।

ছবি নেটের।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0/#comments
