# শেষ-প্রহরের ভূষণ

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-06-03T08:59:56+00:00
- Updated: 2020-06-03T08:59:56+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%b7%e0%a6%a3/

---

শাপলা-শালুক ঢেউয়ের বুক চিড়ে রাতের আঁধারে  
কানামাছি খেলে মিঠাপুকুরে নির্ঘুম মীনদের সঙ্গী করে।  
আঁধারের প্রদীপ-শিখা তারার ফুলে নীলাম্বরের সেতারে  
বিনিদ্র রাগ-রাগিনীর মৃদু ঝংকার ;  
উর্বীরুহের শাখা-প্রশাখে ক্লান্ত-শ্রান্ত পাখ-পাখালির গার্হস্থ্য-জীবিকা;  
প্রেতাত্মারা উঁকি ঝুঁকি দিয়ে যায় আলো-আঁধারির খাঁজে-ভাঁজে।

ব্যক্ত/অব্যক্ত পংক্তিমালা;  
মনের সংকীর্ণতায় সবকিছু প্রকাশিত/অপ্রকাশিত –  
গোলকধাঁধার চক্করে ঘূর্ণিপাকে ঘূর্ণায়মান।

মনন-দ্বার লৌহ-শিকলে আবদ্ধ;  
নিকৃষ্ট পাখির কা-কা-কা স্বরে ব্যঞ্জন সুর সাধিয়া;  
অশনি সংকেতের ধ্রুপদী ছুঁয়ে যায় কর্ণ-গহ্বরে।  
চিত্ত হয়ে ওঠে ব্যাকুল-  
কিসের দুন্দুভি বেজে যায় নিদ্রালু ভাবনার আকাশে!  
ঈশানে ক্ষীণ রক্তিম আভা, আঁকিউঁকি নব-স্বপ্নের ভূষণ।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%b7%e0%a6%a3/#comments
