# শেকড়

Author: নীলাঞ্জনা নীলা
Published: 2013-10-21
Category: কবিতা
Tags: কবিতা, শিকড়
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%95%e0%a7%9c/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/946403_10201759397403052_726369525_n-300x261.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/946403_10201759397403052_726369525_n.jpg)

আমি জানি আমার জন্যে কেউ আবেগ নিয়ে অপেক্ষায় থাকে না  
তাই কোনো তাড়াও থাকেনা ঘরে ফেরার  
একটা দায়িত্ত্বভরা কলস আছে ,  
ওটার ভেতর জল রাখি—  
আর একটা মাঝারী আকারের গাছ আছে  
সেই গাছে জল দেই রোজ ।  
দিতে হয় ।  
কারণ ওই গাছটাকে আমি-ই তো নিয়ে এসেছি ।  
ভুলে গেছি আমার চাওয়া-পাওয়া ,  
শুধু দেখি একটুকরো আকাশ  
জানালার ফাঁক থেকে…  
এই জানালাটাও আমার নয় ।  
যে কোনোদিন , যে কোনো সময় এই জানালায় আর কারো পর্দা ঝুলবে ।  
আমাকে বারবার উপড়ে ফেলা হয় ,  
এখান থেকে সেখানে ।  
কেউ বলেনা থাকুক না ও ওর শেকড়টা নিয়ে !  
অযাচিতভাবে প্রতিদিন-প্রতিক্ষণ অপেক্ষা করি ,  
কেউ একজন আসবে মশাল নিয়ে হাতে—  
মনের ভেতর জমে থাকা অন্যায়-দূর্নীতি সবকিছুকে এক নিমিষে লন্ডভন্ড করে দেবে ।  
স্বপ্ন দেখি আমার তপোবন আমাকে একটা শেকড় দিয়েছে  
বড্ড এলোমেলো একটা জীবন ।  
আনন্দ করতে গেলে কারণ দর্শাতে হয়  
মাথার ওপর অভিভাবক নামের পদমর্যাদার কাছে ।  
ভালোবাসতে গেলে ভাবতে হয় ,  
স্বপ্ন দেখতে গেলে হিসেব দিতে হয় ,  
হাসি দিতে গেলে কারণ খুঁজতে হয় ।  
তবুও বলি ভালো আছি ,  
ভালো রাখি যে কোনো মূল্যে ।  
সমাজ দেখেনা মানুষের আবেগ  
স্বজন যাদের ভাবি , তারা অনুভব করেনা আমাকে ।  
তারপরেও ছুটে চলি , চলছি , চলবো ।

হ্যামিল্টন , কানাডা  
৩০ সেপ্টেম্বর , ২০১৩
