# শিক্ষক আমাদের গুরুজন

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2019-04-14T17:35:08+00:00
- Updated: 2019-04-14T17:44:34+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8/

---

**“যে মুহূর্তে একজন শিক্ষক তার ছাত্র বা ছাত্রীকে পিটুনি দেয়ার জন্য হাতে বেত তুলে নেন, সেই মুহূর্তে তিনি নিজে শিক্ষক হিসেবে পরাজিত হন।”**

উপরের কোটেশনটি বিবিসি তাদের অফিসিয়াল ট্যুইটার পেজে শেয়ার করেছে। সেখানে অতি বিজ্ঞজনদের কিছু মন্তব্য দেখে নিজেই লজ্জিত হয়েছি। একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর। তাদেরকেও অপমান সুচক মন্তব্য করতে তারা পিছপা হয়নি!

বিবিসি’র সেই ট্যুইটের জবাব আমি দিয়েছি।তবে নিজের ভাবনাটুকু সবার সাথে শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছি।

ছোটবেলায় শুনতাম – গুরুজনেরা বলতেন শিক্ষকের মার যে খায়নি সে মানুষ হবে কিভাবে? জানিনা এর সত্যতা কতটুকু, তবে একজন শিক্ষক শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে তার ছাত্রকে সামান্য শাসন করেন এটা ঠিক; এর প্রয়োজনও আছে।

স্কুলজীবনে আমিও কম মার খাইনি শিক্ষকদের হাতে, অমানুষ হয়েছি কি? আমার মনে হয় ঐটুকু শাসন করেছেন বলেই আমি আজ লিখতে পড়তে পারছি। আমরা তাদের সন্তানের মতই। তা না হলে পিতামাতা শিক্ষকদের হাতে আমাদের ছেড়ে দিতেন না।

কঠোর শাসন করা শিক্ষকের আদর্শে মানুষ হতে গিয়ে একটি ছেলে বা মেয়ে যখন বড় কোন সরকারি বা বেসরকারি অফিসের থিংকট্যাংক বনে যান, তখন সাধারন মানুষকেও তারা যাঁতাকলে পিষে মারেন। কারন সেই শিক্ষা তার মাথায়, রক্তে মিশে থাকে সেই ছোটবেলা থেকেই।

অভ্যাস সহজে পরিবর্তন হয়না। কাজেই শুধু শুধু তাদের দোষ না খুঁজে গাছের গোঁড়াটাও শক্ত করতে হবে। আর এটা আমাদের সবার ঐকান্তিক দায়িত্ব বৈকী।

ছোটবেলার আচরণ আর মননে যখন শুদ্ধতা আসবে তখনই সেটা বড় হয়ে কাজে লাগবে। ঘটনা দুর্ঘটনা ঘটার পর কার দোষ তা না খুঁজে সেটা যাতে না ঘটে সে পদ্ধতিই গ্রহন করা যুক্তিযুক্ত নয় কি?

***মানুষ বড় হয়ে যখন নৈতিকতা, মনুষ্যত্ব এসব লোপ পেয়ে বিবেকবুদ্ধিহীন হয়ে যায় তখন বুঝতে হবে সমস্যাটা কিন্তু তার ব্যাক্তিত্বের সংঘাতে, অন্য কোথাও নয়। আর ব্যক্তিত্ব গঠন হয় প্রথম পরিবার থেকে, তারপরে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।***

আজকের বাংলাদেশে যদি এখন থেকে এসবের পরিচর্যা শুরু করা হয় এর ফলাফল পেতে আমাদের আরও ত্রিশ বছর অপেক্ষা করতে হবে নিশ্চিত। কারন যে শিশুটি এখন বিদ্যালয়ে যাবে সে একজন থিংকট্যাংকে পরিণত হতে এই ত্রিশ বছর সময়তো লাগবেই।

*আমার এই লেখাটি ব্যতিক্রমী শিক্ষকের ব্যতিক্রমী শাস্তির বিরুদ্ধাচরণ মাত্র। আমাদের সম্মানিত গুরুজন এবং মহানুভব শিক্ষকগন এ লেখার আওতাভুক্ত নন। একজন শিক্ষকের চাওয়া থাকে তার ছাত্রটি যেন সবার মুখ উজ্জ্বল করে, সেই শিক্ষক পরাজিত হলে পরাজিত হয় পরিবার, সমাজ, দেশ এবং দেশের মানুষ।*

এসবই আমার নিজস্ব অভিব্যক্তি, আপনার কাছে হয়তো মুল্যহীন। তবে একবার হলেও ভাববেন কিন্তু!

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8/#comments
