# শিক্ষকের মর্যাদা ও একজন শ্যামল কান্তি ভক্ত!!!

- Author: [মারজানা ফেরদৌস রুবা](https://sonelablog.com/author/marjanaruba2979/)
- Published: 2016-05-18T03:59:33+00:00
- Updated: 2016-05-19T17:48:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b6/

---

নারায়নগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কেন্দ্র করে কয়েকটা বিষয় লক্ষ্যনীয়:  
১। ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়ার অভিযোগ! যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে।  
২। অভিযোগের জের ধরে পিটিয়ে জখম। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।  
৩। জন প্রতিনিধি কর্তৃক তাঁকে কান ধরে উঠবস করানো। এবং সুপরিকল্পিতভাবে জয় বাংলা স্লোগান ব্যবহার।  
৪। অবশেষে স্কুল পরিচালনা কমিটির স্বাক্ষরিত চিঠিতে তাঁকে চাকুরিচ্যুত।

আজকের খবর থেকে পাওয়া তথ্য-  
[!\[received_10207676411400935\](http://sonelablog.com/wp-content/uploads/2016/05/received_10207676411400935-214x300.jpeg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/05/received_10207676411400935.jpeg)  
★চাকুরিচ্যুত করার চিঠিতে স্বাক্ষর করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি ফারুকুল। স্বাক্ষরের তারিখ হিসেবে উল্লেখ আছে ১৬ মে অথচ তিনি ১৫ তারিখের সভা শেষ করে দেশের বাইরে চলে যান। তাহলে ১৬ মে স্বাক্ষর করলেন কীভাবে ???

[!\[FB_IMG_1463540825802\](http://sonelablog.com/wp-content/uploads/2016/05/FB_IMG_1463540825802-300x186.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/05/FB_IMG_1463540825802.jpg)  
★ দশম শ্রেণীর ছাত্র রিফাত, যার অভিযোগকে ভিত্তি করে মসজিদের মাইকে ধর্ম অবমাননার ঘোষণা দেওয়া হয়েছিলো। সেই রিফাতই অস্বীকার করেছে ধর্ম নিয়ে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের কটূক্তি করার কথা । রিফাত বলেছে, স্যার তাকে মারধর করায় সে বিচার চাইতে কমিটির কাছে গিয়েছিললো। কিন্তু মারধরের সময় ধর্ম নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি। একই কথা বলেছেন রিফাতের মা।

[!\[FB_IMG_1463493383464\](http://sonelablog.com/wp-content/uploads/2016/05/FB_IMG_1463493383464-300x169.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/05/FB_IMG_1463493383464.jpg)

[!\[kan-home\](http://sonelablog.com/wp-content/uploads/2016/05/kan-home-300x177.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/05/kan-home.jpg)  
★ সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ‘কান ধরে দাঁড়িয়ে’ এ ঘটনার প্রতিবাদ করেছে। এ প্রসঙ্গে শিক্ষার্থী সাগরিকা বলেছেন, “এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে ত্বরান্বিত করে। আমরা মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে শ্যামল কান্তি ভক্ত স্যারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা করি।” এছাড়াও দেশের বিভিন্ন স্তরের মানুষও একইভাবে সহমর্মিতা জ্ঞাপন করেছে।

ধর্ম অবমাননার অভিযোগ রটিয়ে গণরোষ তৈরি করে অপমান, অপদস্থ আর গণধোলাইয়ের ষোলকলা পূর্ণ করেও যখন শ্যামল কান্তি বিরোধীরা দেখলো তাদের সে কৌশল ধোপে ঠেকেনি, উলটো বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে যাচ্ছে। জনরোষ পালটে গিয়ে জননন্দিত আদর্শ শিক্ষক শ্যামল কান্তি ভক্ত না আবার স্বীয় পদে ফিরে আসেন, তাই হয়তো তড়িঘড়ি করে তাঁকে চাকুরিচ্যুত করা হয়েছে।  
বরখাস্তের চিঠির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।  
সবচেয়ে বড়কথা, মিথ্যাচার প্রমাণিত হওয়ার পরেও চিঠিতে অভিযোগ করা হয়েছে “আপনি ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন।”

★★  
আমার আর্জি  
★‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ নামের অভিযোগ যারা আনলো, তাদের খুঁজে বিচারের আওতায় আনা।  
এটা এতোদিন একতরফাভাবে লেখকদের বিরুদ্ধে আনা হয়েছে। দিনেদিনে স্পষ্ট হচ্ছে, এটা প্রগতিবাদীদের বিরুদ্ধে আক্রমণের একটা অতি স্পর্শকাতর কৌশল। ধর্মান্ধদের পাশাপাশি বোধবিবেচনাহীন ধর্মপ্রাণ মুসলমানদের খেপিয়ে তোলার একটি অতি তীক্ষ্ণ অস্ত্র। কাজেই খাপহীন খোলা তরবারির মতো এ অস্ত্র যাতে আর ব্যবহৃত না হয় সে ব্যবস্থা করা।

★শিক্ষক মানুষ গড়ার কারিগর। যে জাতি শিক্ষকের মর্যাদা দিতে জানে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার। কাজেই জাতির কর্ণধার হয়ে কি করে একজন জনপ্রতিনিধি শিক্ষককে কান ধরে উঠবস করানোর মতো ন্যক্কারজনক কাজ করেন। জাতি যে এখনো শিক্ষকের মর্যাদা বুঝে গত দু’দিনের উত্তাল গণক্ষোভ থেকেই তা পরিলক্ষিত। সেই জাতির কর্ণধার হিসাবে এমন কাণ্ডজ্ঞানহীন জনপ্রতিনিধিকে বিচারের মুখোমুখি করা।

[!\[160514112353_pear_satter_latif_high_school_640x360_facebook_nocredit\](http://sonelablog.com/wp-content/uploads/2016/05/160514112353_pear_satter_latif_high_school_640x360_facebook_nocredit-300x168.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/05/160514112353_pear_satter_latif_high_school_640x360_facebook_nocredit.jpg)  
★পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি শ্যামল কান্তি ভক্তকে সম্মানের সহিত ফিরিয়ে দেয়া। তাঁর হাতেই স্কুলটি ভালো থাকবে।

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে প্রতিবাদের মধ্যে উল্টো ওই শিক্ষকের চাকরি হারানোর খবরটি দিবালোকের মতো স্পষ্ট করে দেয়, এর অন্তর্নিহিত উদ্দেশ্যটি কি ছিলো!

ছোটবেলা থেকে জেনেছি, শিক্ষক পরম গুরুজন। আম্মা বলতেন, শিক্ষক মা-বাবা তুল্য। নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটে গেলো, এর থেকে আমরা কি অশনিসংকেত পাচ্ছি? কোন পথে যাচ্ছে জাতি? যেদেশে জনপ্রতিনিধি দ্বারা (সমাজ পরিচালক) কাণ্ডজ্ঞানহীনভাবে মা-বাবা তুল্য পরম গুরুজন শিক্ষক এমন জনাকীর্ণ পরিবেশে ‘কান ধরে উঠবস করা’র মতো লাঞ্ছনার শিকার হন, সে দেশে গোল্ডেন স্টুডেন্ট কিভাবে তৈরি হবে???? দেশে এখন গোল্ডেন এ+ যতোটা বাড়ছে ‘গোল্ডেন স্টুডেন্ট’ সে তুলনায় ততোটাই কমছে। তার কারণ সুবিধাবাদী রাজনৈতিক বিবেচনায় শ্যামল কান্তি ভক্তের মতো শিক্ষাগুরুদের আমরা শিক্ষাঙ্গন থেকে সরিয়ে পারভীনদের বসিয়ে দিচ্ছি।

শিক্ষকও মানুষ। ভুল তিনি করতেই পারেন। এর জন্য আইনি পদক্ষেপ আছে, আছে আরো বিভিন্ন উপায়ে তাঁকে জবাবদিহির আওতায় আনা বা শাস্তি প্রদান করা। তাই বলে একজন প্রধান শিক্ষককে নাজেহাল করতে স্পর্শকাতর ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার!!! এরপর সবার সামনে কান ধরে উঠবস করানো?

রাজনীতির নস্ট খেলায় অন্তত আমরা শিক্ষাগুরুদের না আনি। মানুষ গড়ার কারিগরদেরই যদি যথার্থ সম্মান না দিতে পারি তো উজ্জ্বল, আলোকিত জাতি তৈরি হবে কিভাবে?  
একদিন চরম মুল্য দিতে হবে জাতিকে এসব অনায্য কার্যকলাপের।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b6/#comments
