# শান্তি-দূতের হাসি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-05-03T04:49:35+00:00
- Updated: 2017-05-03T04:49:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

---

তোমার বলার প্রতিটি নিঃশব্দ-ভাষা, প্রতিটি হরফ-যতির অনুপুঙ্খ  
সবই জানা, শ্বাস-নিশ্বাসের মত, ঐ-যে শব্দ-চোখ-মুখ-ঠোঁট-চিবুক,  
টইটই করা থেকে হামাগুড়ি দিয়ে রাত জাগা, প্রতিটি লোমকূপের স্বেদ-ঝর্ণা,  
গড়গড় করে চোখ-মেলে-বুজে পড়ে যেতে পারি;  
শ্রুতি গ্রাহ্য অনুচ্চারতায়ও, প্রকাশের ভাষাটি শুধু শিখতে পারিনি।

মুখের কবর-নিস্তব্ধতা ঝেড়ে ফেলে জ্যোৎস্না-আঁকা শান্তিদূত হয়ে হাসো,  
পূষা-বিভূষণা ঊষা, দ্বার খোলো, একবার-ই, হাসি-হাসি-মুখে;  
বক-জ্যোৎস্নার-ঝিলমিল সুখে।

“এই শোনো না”  
এ’কথাটি কায়দা-সুন্দর করে বলার কথা ভাবি, বলি-না,  
বলতে পারিও-না,  
তিরতির করে কাঁপা শব্দ-ঠোঁটের দিকে তাকিয়ে!!

হুজুগে নিন্দামন্দ করিনি, শর্তসাপেক্ষের হাসা, হাসি-ও-নি,  
অবদলযোগ্য ইনসাফি হাসি পেতেই পারি, ভালোবাসাকে ধ্রুব সত্য ভেবে,  
মহানুভবতা বা অনুকম্পার হলেও, আপত্তি রাখছি না।

ঋতুবতীর রেণুময় হাসিতে বুঁদ হয়ে,  
বখে যেতে যেতে হলেও প্রকাশ-ভাষাটি  
শিখেই নেব, এবারে;

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/#comments
