# শান্তি, আজ সুদূর পরাহত

Author: মোকসেদুল ইসলাম
Published: 2013-11-28
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a4/

আমি বুঝি এবার মারাই যাব  
না, না আত্মহত্যা করে নয়, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও নয়  
বাতাসের দুষিত সীসা নয় কিংবা ফরমালিন যুক্ত খাদ্য খেয়ে নয়  
গাড়ীর নীচে চাপা পড়ে নয়, সন্ত্রাসীদের হাতেও নয়।  
আমি বুঝি এবার মারাই যাব  
সরল রাস্তায় চলতে গিয়ে বোমা,ককটেল, গুলি কিংবা গ্রেনেডের আঘাতে।  
আমার লাশ নিয়ে টানাটানি পড়ে যাবে জানি  
কেউ বলবে এ করে লীগ কেউ বলবে না না এ বিএনপি’র একনিষ্ঠ কর্মী  
আবার কেউ বলবে ও ছিল দেশ বিরোধী জামাত-শিবিরের কর্মী।  
পত্রিকার প্রথম পৃষ্ঠায় খবর হবো আমি। না,না মানুষ হিসেবে নয়  
দলের সন্ত্রাসী কর্মী হিসেবে চিনবে দেশবাসী।  
হায়রে মানুষ! হায়রে দেশ।  
মরেও কি শান্তি পাব না আমি।
