# শহুরে সাঁঝের মায়া

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-07-27T18:04:18+00:00
- Updated: 2020-07-27T18:14:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf/

---

 

সন্ধ্যা নেমেছে শহরের বন্দীশালায়,  
রাস্তার নিয়ন বাতিগুলো জ্বলে উঠেছে,  
পান্থ পাখিরা নীড়ে ফিরছে ক্লান্ত শরীর টেনেহিঁচড়ে।  
কর্মঠ মানুষগুলোর মাংসপিণ্ড হিমায়িত হয়ে আছে দেহের অভ্যন্তরে;  
আত্নারা ঘুরছে ঠিকানা বিহীন বাতাসের নিষিদ্ধ কামরায় পঁচা মাংসের আমন্ত্রণে ।  
সারমেয়দের কুই কুই আওয়াজে কাঁপে নগরাত্না;  
নর্দমার ভাগাড়ে মূল্যহীন ভাগাভাগি বেনামি মানুষ-পশুতে।  
চলন্ত আলোয় চমকে উঠে অন্ধপথের বাদশারা।  
ফুটপাতে সারি সারি ঘুমন্ত পিপীলিকাদের জীবিত লাশ;  
ঘুমের দেশে লোভ-লালসা অগ্নিদগ্ধ, নির্বাক-পরাবাস্তব চলচ্চিত্র চিত্রিত;  
ফিনিক্সের মতো পুড়ে জাতিস্মর হয় প্রতিটি স্বপ্নভূক মানবজাতি।  
শহরের বেনোজলে ধর্ষিতার আর্তনাদ উন্মুক্ত ম্যানহোলে বিম্ব ঘটাচ্ছে ;  
বিবর্ণ-বিধ্বস্ত পরিযায়ী মন সুখ খোঁজে সোডিয়ামের হলুদাভ আলোয়।  
পায়রার খুপরিতে বাসা বাঁধে সুশীল সমাজের নীরব ঘাতক-ঘুনপোকা।  
আদিত্যের  অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয় পোস্তগোলার শশ্মানে আপাস্যমন্ত্রে।  
অবিরত মানবসভ্যতা ঘূর্ণিপাকে- নিকোটিনের জীবন্ত ধোঁয়ার কুণ্ডলীতে;  
ঝুলন্ত ত্রিদিব ছুঁয়ে যায় সুউচ্চ ভবনের ছাদ-প্রাচীর আর ভাবুকের ভাবনার কার্নিশে।  
সন্ধ্যা নামে মিহির-আলো সরিয়ে, তারার-ফুলে কানাকানি হবে যে অগোচরে;  
বন্দীশালার দ্বারে অভ্যর্থনা জানায় মাধুরীলতা সুগন্ধি মাখা পাগড়িতে। 

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf/#comments
