# শহুরে বৃষ্টি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-06-17T18:05:54+00:00
- Updated: 2020-06-17T18:05:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-2/

---

শহরটা আজ ভিজছে অবিরাম বর্ষার আলিঙ্গনে,  
ধূলোপড়া সড়ক ঢেকেছে চকচকে আবরণে।  
কালো ধোঁয়া আর যান্ত্রিক সীসায় মুমুর্ষ বৃক্ষরাশি  
জেগে উঠেছে নতুন আমন্ত্রণে;  
পাখিরা গাইছে নতুন সুরে নব-আনন্দ স্মরণে।  
শাখে শাখে নবপত্র মেলেছে ডানা সতত অবগাহনে;  
বৃষ্টি মাথায় ভ্রমর গুণগুণিয়ে যায় ফুলের কানে কানে।  
কপোত-কপোতী নিমগ্ন ব্যস্ত নগরে প্রেমের সুধা পানে;  
দিবাকর শরমে ঘোমটা টানে সঙ্গোপনে।

নর-নারী গন্তব্যে ছুটছে জীবিকার অন্বেষণে;  
বাস-টেম্পুতে ঝুলন্ত শরীর ভিজছে নির্লজ্জ বর্ষণে।  
রিকশায় প্যাডেল মেরে রিকশাওয়ালা ছুটছে পেটের টানে;  
ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষুক ঘুরছে দাতা হাতেম পানে।  
হকাররা বিলোচ্ছে পণ্য-সমাহার ক্রেতার প্রয়োজনে।  
ফুলের পসরা নিয়ে পথশিশুরা দাঁড়ায় জনে জনে;  
বৃষ্টির ছোঁয়ায় কাঁপছে ছেঁড়া-ফাঁটা বিবর্ণ বসনে,  
দামাল শিশুরা মেতেছে দূরন্তপনায় বাঁধনহারা বাঁধনে।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-2/#comments
