# শহুরে-বায়োস্কোপ

Author: সুপর্ণা ফাল্গুনী
Published: 2021-08-24
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8b%e0%a6%aa/

ভেজা সকাল টা নুয়ে পড়েছে ইট-সুরকির  
শরীর জড়ানো বাহারি বাগান-বিলাসে ;  
সারমেয় গুলো বড্ড শোরগোল বাধাচ্ছে,  
কিছুতেই গলির রাজত্ব ছেড়ে দিবে না;  
সাথে যোগ হয়েছে পাতি-কাকের বেসুরো মিটিং, সমাবেশ। ময়লার ভাগাড়ে মুখ থুবড়ে পড়ে আছে নষ্ট আকাঙ্ক্ষার দ্বিমুখী ফলাফল।

নেশালু চোখে ঝরছে বিরহের বিমূর্ততা;  
বদ্ধ ঘরে রবির আলো দেয় না ধরা- সেখানে আছে বনসাই আর কৃত্রিম আলোক উৎসব।  
খোলা আকাশটাকে ছুঁয়ে দেখতে হাজারো বিধিনিষেধ- ঝুলে আছে নেমপ্লেটে খোদাই করা বর্ণমালায়;  
বন্দী পাখিরা খাঁচা ছেড়ে উন্মুক্ত আকাশে উড়বার অপেক্ষায়।  
চিচিঙ্গা ফুলের শুভ্রতা এই শহরে নিমন্ত্রিত হয়না কখনো; আটপৌরে শাড়ির অগোছালো আঁচলে নীলপদ্ম ফোঁটে না আয়েসি জীবন-বায়োস্কোপে।

ছবি-নেট
