# শহুরে ঢাকা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-21T05:24:41+00:00
- Updated: 2020-02-21T11:36:27+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/

---

 

ভোর রাতের গভীরে বিন্যস্ত লঞ্চ কেবিনে  
ঘুম ভেঙ্গে উঠে গেলাম, সুতীব্র কটু গন্ধ বুকে টেনে,  
বুড়ি গঙ্গায় সওয়ার হয়েছি (বুড়া গঙ্গা না), আহা আহা!  
স্বাগতম হে মোহময় মহামায়া-ঢাকা-নগরী, কালে ভাদ্রে আসি;  
অমাবস্যা বা জ্যোৎস্নার হিসেব ঠেলে ফেলে, আনন্দ-বেদনা  
বুক পকেটে এঁটে; এ শহরে, শহুরে হতে একটু -ও না।

এ শহর আমাকে টানে, সে প্রাণের টান নাকি প্রাণ হরণের !  
পেয়েছি অজস্র হারিয়েছি অগুনতি, এই সোহরাওয়ার্দী উদ্যান  
এই টিএসসি এখানে পড়ে আছে/মিশে আছে বেশুমার ধুলোরেনু  
আমাকে স্পর্শে রেখে, এ শহর আমার শহর, শহুরে নই।

নাই নাই শীতে, এই উত্তুরে-দক্ষিণে হাওয়া,  
প্রাণহীন প্রাণকে কাছে ডাকে ইশারায়,উঁকি ঝুঁকি দিয়ে  
কুহক সেজে, জানি, এ শুধুই ক্ষণিকের ব্যঞ্জনা,  
কুমির হিংস্রতা আর সাপ লুডু দিনের পর দিন,  
এখানে যা এমনিতেই হয়, বৈধ-বৈধ ভাব নিয়ে;  
এ ঠাট্টাটা নিয়ে-ও ক্রমাগত বেঁচে-বর্তে থাকা।

তাও ভালোবাসি অচ্ছুৎ-বসন্ত-যন্ত্রণার ঢাকা।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/#comments
