# শহুরে আগন্তুক

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-09-17T15:37:28+00:00
- Updated: 2018-09-17T15:37:28+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%95/

---

এসেছিল সে নিশুতির চাঁদ-জ্যোৎস্নায়  
গহীন স্তব্ধতার গা বেয়ে বেয়ে,  
জোয়ারে উছল-উতল হয়ে, দু’কুল ছুঁয়ে ছুঁয়ে,  
ভিজতে-ভিজতে ভেজাতে-ভেজাতে;  
কাক-ভেজা-ভেজা হইনি তা-ও-নয়।

সেবারে  
দ্বীপানুতে ইলিশের পিঠে চড়ে পার হয়েছি  
খরস্রোতা নদী, অদম্য শরীরী সবল সুস্থতায় জেগেছি  
অহোরাত্রির নিঘুম-ঘুম-নদীতে,  
ভরে উঠেছিল নদ-নদী এমনকি শাখা-প্রশাখা  
কানায় কানায় কল-কল-ছল-ছল সশব্দে।

আগন্তুক-বেশে পুরনো ছল ছলা/কলা ঝেড়ে ফেলে  
বা নূতনের মত নূতন কোন ছল করে ছল ধরে,  
বহুগামিতার কালশিটে লাল-দাগ কপালে পড়ে হলেও  
এসো আবার, অন্য কোন রূপে ভিন্ন ভিন্ন সাজে/রূপে;

ঈশ্বরের দোহাই,  
একবার হলেও এসো  
ভিজতে/ভেজাতে শুধুই একবার, শেষবার  
কলকলা জল-জোয়ারের মতো;  
তেতো/মিষ্টি পেত্নীর মতো।

হিজল সন্ধ্যায় তোমার আলপথে আজ নূতন নাগর,  
চৌহদ্দি পেড়িয়ে বারান্দায় জাঁকিয়ে বসেছে,  
তবুও বৃষ্টির অবগুণ্ঠনে এক বার এসো;

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%95/#comments
