# শহরটার মন ভালো নেই!

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-04-19T18:04:32+00:00
- Updated: 2020-04-19T18:04:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/

---

আজ শহরটার মন ভালো নেই,  
মন ভালো নেই শহরের বাসিন্দাদের।  
কেউ কারো পায় নাকো দর্শন,  
পায় নাকো খুঁজে স্পর্শের বীজমন্ত্র।  
নিশুতি আঁধারে দাঁড়কাকটির আত্নচিৎকারে-  
নিদ্রালু চোখে শুধুই আতংক বিলাস।  
অন্তঃকরণের অন্তরালে বেজে ওঠা ডামাডোলে অন্তরাত্মা কেঁপে উঠলো;  
আনাচে-কানাচে ঘটে চলেছে অশনি সংকেতের গোপন অভিসার।

অদৃশ্য অরিরা হেম-পেয়ালা হাতে অপেক্ষমাণ সম্মুখ দ্বারে;  
অশরীরী-আত্নারা ভোজ-উৎসবের বৈতানিক অরীয় চক্রে নৃত্যরত।  
আজ শহরটা ভালো নেই;  
চারদিকে বিস্তীর্ণ-ধূসরতায় শবের দীর্ঘ-মিছিল;  
দূর থেকে প্রিয়জনের ভয়ার্ত দৃষ্টিতে উধাও লোনাজল ।  
অহঃ আগমে নেই ছোটাছুটি, দৌড়ঝাঁপ;  
নিস্তব্ধতার বলয় চাদরে ঢাকা উলঙ্গিনী শহর।

চৈত্রের খরতাপে পুড়ে কয়লা হয় নাকো সোনার অঙ্গ খানি;  
বন্দী কাটরায় প্রহেলিকায় জড়িয়ে ছটফট করে পরান-পাখি।  
আজ শহরটার মন ভালো নেই;  
মন ভালো নেই বয়োঃসন্ধিতে আগত কিশোর-কিশোরীর;  
মনের অব্যক্ত কথা গুলো বদ্ধ দেয়ালের ইট-সুড়কিতেই গেঁথে রয়।  
ক্ষুধার্ত নেড়ি কুকুরটা গলির মুখে তন্দ্রাচ্ছন্ন;  
নেই কোনো হাঁকডাক, নেই কোনো জলাতঙ্ক।  
আলস্য-নিমগ্নতায় ডুবে আছে- উচ্ছল, প্রগলভতা শহরটা।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/#comments
