# শশী- ২

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2019-12-29T04:46:43+00:00
- Updated: 2019-12-29T07:45:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b6%e0%a7%80-2/

---

 

*আজ নেই কোন ভয়; ভুলি সংশয়, মুক্ত বিহঙ্গে ধরি রূপ,*  
*ভেঙ্গে পিঞ্জর নির্জীব ঘর- আপনি রহিলা পড়িয়া চুপ,*  
*জীবনও আধার করিয়া আঁধার কত আর সহিবে-জ্বালা-*  
*চলো না হারাই সীমানা ডিঙ্গায়ে পরিয়া বিজয় মালা ।।*

*ও ঘরে তোমার- তুমি তো ছিলে না কখনও সুখী’হে সাথী,*  
*জীবন তোমাকে দিয়েছিলো শুধু নিভু জ্বলা এক বাতি,*  
*হৃদয়হীনা’রে হৃদ-মাঝারে বসায়ে করিয়া পূজন,*  
*তুমি যে রচিলে স্বর্গ সেথায় নরকে তা আজ বিলীন।।*

*যা কিছু তোমার আপনার ছিলো-ঢালিয়া দিয়াছো হেথা,*  
*প্রাণ ভরে তার প্রতিদানে শুধু সঞ্চিলে নীল ব্যথা,*  
*মায়ায় বাঁধিয়া বুনো হায়েনারে সুখ খোঁজা সেতো সার,*  
*অন্ধ-বধির সহচর লয়ে হয় না যে সংসার ।।*

*যে তোমায় নাহি দিয়াছে কখনো বিন্দু অশ্রু-জল-*  
*সমব্যথী কভু হয়নি ব্যথায় করেছিলো শুধু ছল,*  
*ছাড়িয়া তাহারে করনি’ক ভুল প্রণাম তোমার তরে*  
*চলো তবে আজ বাঁধন টুটিয়া হারাতে অসীম দূরে।।*

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b6%e0%a7%80-2/#comments
