# “শব্দার্থ তো বুজছি কিন্তু সারমর্ম টা বুঝি নাই।”

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-24T06:01:54+00:00
- Updated: 2019-12-24T08:26:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9c%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

 

“বাদবাকি বুঝায় দেন ভাই,  
আরে ভাই,শব্দার্থ তো বুজছি কিন্তু সারমর্ম টা বুঝি নাই।”

শীত ভোরে,  
একটু তাকিয়ে দেখুন, কুয়াশা সকাল কেমন লাগে?  
হোক তা শহুরে অঘুম-ঘুম চোখে;  
গেঁয়ো পথের গ্রাম্যতা এড়িয়ে যেতে যেতে কুয়াশা ভেদ করে  
সুপারি বা নারকেল গাছের পার্থক্য কী করে বুঝি?  
শীত সকালের গ্রাম্য হাঁটে পথ-শিশুদের সাথে বসে থাকতে  
সুখ সুখ লাগে নাকি?  
ঘোলা জলের নদী তীরে বসে/দাঁড়িয়ে কী এমন খুঁজি?

প্রমাণ সাইজের আরশি সামনে সটান দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে  
দেখলে কী দেখা যায়! কেউ কি আমাকে একটু বুঝিয়ে দেবে?

“এই লেখাটি ইট্টু কঠিন লাগছে।”

পৌষের হিম-কুয়াশায় নির্ঘুম-লিখিয়ের অকস্মাৎ হারিয়ে ফেলা  
ছুঁয়ে যাওয়া স্বপ্ন-সিঁড়ির এক-ঝাঁক রূপকথার হিসেব…….  
উথালপাথাল স্রোতের টানে দিক হারিয়ে ফেলা  
মাঝি-ই জানে কষ্টের হিসেব…  
অন্ধ-অরণ্যের সাদা কাশবন বা প্লাবিত জ্যোৎস্না কেমন করে কথা কয়!….  
পদ্মায় ছুটে চলা ঝাঁক ইলিশের গন্তব্য জানা!…….  
নিমেষে বিষণ্ণ হৃদয়ের দু’হাতে কতটুকু ঘূর্ণি বাতাস জমা রাখে  
বিলম্বের অপরাহ্ণ ছায়ায়,  
এ-সব, সবার হিসেব এট্টু কঠিন বলেই জানি;

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9c%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
