# লুকোনোর নেই কিছু

Author: ছাইরাছ হেলাল
Published: 2012-10-09
Category: একান্ত অনুভূতি
Tags: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81/

এ আমার উন্মুক্ততা  
ধানসিঁড়ি নদীটির কাছে  
আমি সাঁতার কেটেছি বলে ,  
বাতাসের কাছে  
আমি নিয়েছে বুকে তারে ,  
সবুজের কাছেও অহর্নিশ  
আমার লেখাদের কাছেও  
লেখারাও আমাকে চোখে চোখে রাখছে বলে……  
ভিজেছি আমি অমাবস্যার জ্যোৎস্নায় ।  
আমি উন্মুক্ত………  
চোখেরাও পেতেছে চোখ অপলক  
হাসছে আমার স্বপ্নেরাও মুখ টিপে ,  
ছুটেছি ঊর্ধ্বলোক থেকে পাতালে  
স্থলভূম থেকে উত্তুঙ্গ এভারেস্টে  
পারিনি এড়াতে……

মায়ের বুকে চেয়েছি লুকোতে  
স্নেহের খোঁজে……  
মা’র দৃষ্টি পারিনি এড়াতে‌  
চোখ বুজে – রেখেছে চোখ বড় করে ,  
ছুঁয়ে এয়োতি এঁকেছিলাম চন্দ্র বিন্দুটি  
কোন এক অসতর্ক সতর্কতায় ভালোবেসেই  
সারাক্ষণ দেখছে আমায় আমার ভালোবাসা ,  
স্নেহেরাও নেই পিছিয়ে ……  
গোলাপী , মায়াবী ও তীব্র নীলগুলোও  
নীলেরা ফেলেছে দেখে ।

হায় ! ঈশ্বর  
নীরবতা , নিশ্চল দাঁড়িয়ে থাকা ,  
ঝুলছে দু’হাত শিথিলতায় , নীচু মাথা…।

পারছিনা লুকোতে কিছুই ……।

অকঃ কবিতা ভেবে ভুল করবেন না যেন ।

## ০৫ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০১
