# লাল জীপের ডায়েরী -১

- Author: [তেলাপোকা রোমেন](https://sonelablog.com/author/telapokaromen/)
- Published: 2017-03-28T22:10:51+00:00
- Updated: 2017-03-28T22:10:51+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a7%80-%e0%a7%a7/

---

ইদানীং আবার সেই পুরনো রোগটা ফিরে এসেছে। আমি সারারাত ঘুমাতে পারিনা। কখনো অস্ত্রে শান দেবার শব্দ শুনি, কখনো স্বপ্নে পুড়ে যাই। কখনো প্রচণ্ড হ্যালুসিনেশান। ল্যাপটপ নিয়ে ছাঁদে চলে আসি। আমার মরচে পড়া লাল জীপের ডায়েরি খুলে বসি। আমি লিখতে থাকি আমার কথা। একজন একসেপিস্টের কথা। শূন্যতা বলতে কিছু নেই আমি বিশ্বাস করতে চেষ্টা করি। আমার আশেপাশের কোন কিছুই শূণ্য না। ১+১=০ হল সেই শূণ্য সংখ্যা যেখানে তুমি নেই। মঞ্চ ও দর্শকসারিতে আমি একা বসে। শুধু শোনা যায় নিঃশ্বাসের তালি। আমার মৃত্যুতে আমি উঠে দাড়াই। এই যে আমি হেঁটে বেড়াচ্ছি এটা রুপকথা। আমি আসলে অনেক আগেই মরে গেছি। অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে চিরদিনের মত ঠেকিয়ে দিয়েছিলে যেদিন। আমি আসলে সেদিনই মরে গেছি। আমি রাত করে বাড়ি ফিরেছি। কখনো ফিরিনি। আবার ফিরে এসেছি চুপিচুপি। আমার শ্যাওলাধরা ছাঁদ, আমার চিলেকোঠা, আমার মায়ের শাড়ির আঁচলে হলুদের গন্ধ আমি ছেড়ে যেতে পারিনি। নইলে কবেই চলে যেতাম। আমি বোধহয় দুম করে মরে যাব। আমরা আসলে যাকে বলি জীবন । যার জন্ম ও মৃত্যুতে উঠে দাড়াই, আনন্দে হাততালি দেই অথবা শোকে স্তব্ধ হই তার আসলে কিছু নেই। কিছু ছিলনা। কিছু থাকবেও না। শুধু মৃত প্রেমিকের ফুসফুসের থলিতে পাওয়া যায় প্রাক্তন প্রেমিকার নিঃশ্বাসের মত ঝাঁঝালো বারুদ।  
বাইরে আযান হচ্ছে। কিছুক্ষণ পরেই ভোর। আবারো বেঁচে থাকার মত অভিশাপ। অনেকদিন ভোর দেখিনা। তোমার সাথে।

নিহত হওয়ার চেয়ে খুনি হওয়া ভালো জেনে  
খুনের প্রকল্প মাথায় নিয়ে সারাবেলা ঘুরি…  
শুধু বিধ্বস্ত ভোরের চিৎকার  
আমাকে সূর্যের মুখোমুখি দাঁড় করিয়ে রাখে-

খুলনা। ভোর চারটে দশ।

[প্রিয় সোনেলা ব্লগের ব্লগারগণ আমাকে ক্ষমা করবেন। একসময় আমি আমার একান্ত ব্যক্তিগত এইসব হাবিজাবি পাগলামো কথাবার্তা আমার ফেইসবুকে অবলীলায় লিখে ফেলতাম। ফেইসবুক এখন সহজলভ্য। আমার পরিচিত, ফ্যামিলি মেম্বারস, আমার কাছের মানুষজন আমার সাথে ফেইসবুকে আছেন। তাই আমি এখন আর আমার ব্যক্তিগত কিছুই ফেইসবুকে লিখিনা। কয়েকটা কারন আছে। আমার লাল জীপের ডায়েরীতে আমাকে যতটা বিষাদগ্রস্থ, মোহময়, প্রাচীন কোন শৈবালের কষ্ট বয়ে বেড়ানো শব্দশ্রমিক মনে হয় আমি ব্যক্তিগত জীবনে এমন না। আমি রসিক, মিশুক। আমার প্রচুর বন্ধু এবং বান্ধবী। আমার প্রাক্তন প্রেমিকার সংখ্যাও নেহায়েত কম নয়। এই লাল জীপে মোড়ানো আমি আর ব্যক্তিগত আমি একদম আলাদা। কিন্তু যখন রাত হয়, একা থাকি… তখন শুধুই ফাঁকা লাগে। লাল জীপটা খুলতে ইচ্ছা হয়। আমি এমন সব স্ট্যাটাস দিলে আমার ফ্যামিলি জানবে। কাছের বন্ধুরা বলবে ভান ধরেছি। কেউ কষ্ট পাবে। তাই সোনেলাকে বেঁছে নিলাম। এখানে খানিকটা এনোনিমাস। নিরাপদ। ধীরে ধীরে যে স্বেচ্ছামৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি তার স্বাক্ষী থাকুক সোনেলা ব্লগ। আমার মৃত্যুর পর কেউ আমাকে খুজলে এখানেই পাবে। এগুলো আমার সুইসাইড নোট]

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a7%80-%e0%a7%a7/#comments
