# লজ্জাবতীর লজ্জা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-07-03T18:00:14+00:00
- Updated: 2020-07-04T02:20:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be/

---

 

একটু ছোঁয়া পেয়েই  লজ্জাবতীর পাতাগুলো লজ্জায় গুটিয়ে বসলো,  
যতই আবদার করছি,  
আদর-সোহাগ করছি সেতো আর হাসে না পেখম মেলে –  
গোলাপের সুবাসিত পাপড়ি গুলো পাশ থেকে কানে কানে বলছে ,  
‘এই লজ্জা চোখ খুলে দেখ- বাইরে কি সুন্দর আলো ঝলমল করছে,  
তোকে ভালোবেসে কাছে ডাকছে।’  
নাহ! লজ্জাবতী পণ করেছে আজ আর সে দ্বার খুলবে না।  
আমিও জিদ ধরে বসে আছি -নাছোড়বান্দা।

হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো-  
ভাবলাম এবার নিশ্চয়ই সে বৃষ্টিতে ভিজবে,  
আর আমি তাকে খপ করে ধরে ফেলবো;  
দুজনে হাত ধরাধরি করে ভিজবো, গান গাইবো, নাচবো, খেলবো মনের সুখে।  
এখনো লজ্জাবতী চোখ খুলছেনা-  
আমার ও জিদ-গ্রাফটা  তালগাছের মাথায় তরতর করে উপরে উঠছে।  
এদিকে বৃষ্টিতে ভিজে জবুথুবু অবস্থা।  
লজ্জাবতীর মাথার মিষ্টি-গোলাপি ঝুটি গুলো-  
আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর দুলছে।  
মনে হচ্ছে আমাকে বলছে, ‘কেমন জব্দ হলে? আর ছোঁবে লজ্জাকে?’  
আমার খুউব অভিমান হলো, রাগ হলো;  
কান্না ঝরছিলো দু’চোখের আকাশ ভেঙে।  
কান্নার লোনাজল বিশুদ্ধ, মিষ্টি জলে বারবার ধুয়ে যাচ্ছিলো।  
কোনটা কান্না আর কোনটা বৃষ্টির জলধারা অস্পষ্টই রয়ে গেলো আজো।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be/#comments
