# রোদ্দুর মাখা বিকেল

Author: প্রদীপ চক্রবর্তী
Published: 2021-10-22
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2/

একটুকরো বিকেল।  
রোদের আলোয় হাসিছে কচি কচি ধানের গুচ্ছ।  
তারি উপর দিয়ে উড়ে বেড়ায় একঝাঁক বক।  
তাদের ডানায় ভর করে সূর্য দিগন্ত ছোঁয়।

অশ্বত্থ, হিজল সেসবের ডাল জুড়ে পাখিদের আবাসন।  
মেঘমুক্ত আকাশ।  
রাস্তার মোড়ে মোড়ে গ্রামীণ হাট।  
মহিষের কাঁধ চড়ে রাখাল বালকের ঘরে ফেরা!

সূর্য যত পশ্চিমে এলিয়ে আসে নদী তখন ক্লান্তির অবসান কাটে। সারাদিন ঢেউ আর গতি মন্থর ভুলে গিয়ে একটুখানি সে সুখ খোঁজে।

নদীর বুকে ঢেউ কাটিয়ে গ্রাম্য বালিকা জল আনে।  
সে বিকেল ফুরিয়ে যায় এক অজানায়।  
নদী সারাদিনের গল্প জমিয়ে রাখে বালিকার কাছে।

একসময় সন্ধ্যা নামে শিশিরের মতো।  
কবিতার কোলাহলে।  
পাখিদের ডাকে।  
নববধূর কঙ্কণে।

আমি তো চাই সে বিকেল,  
যে বিকেলে তুমি নামক মানুষটা খুব কাছের হবে।  
আমি তো চাই সে সন্ধ্যা,  
যে সন্ধ্যায় তোমার কঙ্কণে বেজে ওঠে সংগীত!

তুমি ফিরে এসো,  
যেখানে ভোরের ঝড়ে পড়া ফুল, কচি কচি ধানের গুচ্ছ, আর নদীর তীর শিশিরে শিশিরে ঢাকা থাকে।  
তুমি এসো আরেকবার,  
অত্যন্ত আমার হয়ে।

তুমি সবচেয়ে সুন্দর প্রাণবন্ত এক রমণী।  
তুমি কবিতার নির্যাস।  
তুমি কার্তিকের রোদ্দুর মাখা বিকেলবেলার রূপসী।  
তুমি প্রতি পূর্ণিমার ষোড়শী।
