# রোজীর জন্মদিনে

Author: সুপায়ন বড়ুয়া
Published: 2019-12-07
Category: শুভেচ্ছা
URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

আমার স্বপ্নগুলো কখনো যদি যায় মরে  
ভেবোনা তোমায় আমি করবো দায়ী।  
আমার উদ্দমতায় কখনো যদি ভাটা পড়ে  
ভেবোনা তুমি আমায় পিছু টেনেছো।  
আমার সাহসিকতায় কখনো যদি যতি পড়ে  
ভেবোনা তুমি আমায় ভীতু করেছো।  
আমার বিশ্বাসে যদি কখনো কালি পড়ে  
ভেবোনা তুমি নিজে শুধু দায়ী।

আমার ইচ্ছে গুলো যদি কখনো ডানা মেলে উড়ে  
ধরে নিও তাই তুমি পাশে ছিলে বলে।  
আমার আকাশটা যদি ছুয়ে যায় দিগন্ত রেখা  
ধরে নিও তাই তুমি প্রেরণা দিয়েছিলে।  
আমার ভাঙা জানালায় কখনো যদি বসন্ত আসে  
ধরে নিও শুধু তুমি পাশে ছিলে বলে।  
আমার সাজানো বাগানে যদি ফুলের সুবাস ছোটে  
ধরে নিও শুধু তোমার পরিচর্যা ছিল বলে।

আমার জগৎটাকে সাজিয়ে এনেছি  
শুধু তুমি পাশে ছিলে বলে।  
স্বপ্নের আকাশটাতে একেঁছি আলপনা  
শুধু তুমি তুলি দিয়েছো বলে।  
মনের আলপনায় এঁকেছি কত ছবি  
শুধু তুমি উৎস ছিলে বলে।  
আশা নিরাশার দোলায় গেঁথেছি মালা  
শুধু তুমি ফুল তুলেছো বলে।

আমাদের সবটুকু তাই সাজিয়ে এনেছি আজ  
হারিয়ে যেতে দেবো না কভু নাহি।  
ফুলেল শুভেচ্ছায় সিক্ত করি বন্ধু তোমার জন্মদিনে  
মায়াজালে বাঁধি গাথিয়া রাখিব মনের গহীন কোণে।
