# রেডলাইট এরিয়া এবং নগ্ন নিরাপত্তা

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2016-10-26T22:30:50+00:00
- Updated: 2016-10-26T22:30:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%a8%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf/

---

![নিরাপত্তার রেডলাইট এরিয়া...](http://sonelablog.com/wp-content/uploads/2016/10/delhi-red-light-area6.jpg)

****নিরাপত্তার রেডলাইট এরিয়া…****

বলুন তো আপনারা এখানে কোথায় নারীদের নিরাপত্তা আছে?  
ভীড়ে ভরা রাস্তায়, দিনের আলোয় পথে-ঘাটে-প্রান্তরে,  
পৃথিবীর কোন দেশে, কোন শহরে কোথায় আছে নিরাপত্তা?  
নাকি এ নামের শব্দটি শুধুই অভিধানের অলঙ্কার?  
আমি নিরাপত্তা নামের একটা সাইনবোর্ড খুঁজে চলছি সেই কবে থেকে—  
দিন নেই, রাত নেই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি  
নাহ কোত্থাও নেই!

নিরাপত্তার জন্য সেই শিশুকাল থেকেই নিজেকে ঢেকে নিয়ে চলছি। প্রথমে ওড়নায়, ঘোমটায়, তারপর বোরখায় এবং হিজাবে। তাও কেন চেয়ে থাকে কুকুরের মতো লোলুপ জিহবা বের করে ওই পুরুষের দল? আচ্ছা এও শুনেছি যখন মাত্র কিশোরী হলাম, আমরা নারীরা নাকি মানুষ নই? সত্যি বুঝি! কিন্তু এই যে আমাদের হাত-পা-নাক-চোখ-মুখ সবই আছে। পুরুষের সাথে পার্থক্য ওরা মাতৃত্ত্বের স্বাদ নিতে পারেনা। আর নারীর কাছে থাকে নবজাতকের খাদ্য। পুরুষের কাছে নেই; এই-ই তো!

সেদিন একজন পুরুষ খুণ হলো। পত্রিকার পাতায়, টেলিভিশনের খবরে শিরোনাম হলো অমুকের মৃত্যু ঘটেছে এমন করে…, অবশেষে সেই নাম আর নাম থাকেনা, হয়ে যায় লাশ। অন্যদিকে ছিঁড়ে-খুড়ে খেলো নারী শরীর, অবশেষে খুণ। তার নাম হয় ধর্ষিতা অমুক। আর এ নামের বাজারদর বেশ, উচ্চৈঃস্বরে উচ্চারিত হয় টেলিভিশনের খবরে, পত্রিকার পাতায়; তবে নামের আগে ওই “ধর্ষিতা” যোগ হয়। বেশ কিছুদিন ওভাবেই চলে, আরেক নতূন ধর্ষিতার জন্ম হয়। ক্ষুধার্ত কুকুরের মতো চেটেপুটে খাওয়া শরীরটাও নিরাপত্তা পায়না। নিঃশ্বাসকে গলাটিপে, ক্ষত-বিক্ষত করে স্তব্ধ করে দেয়।

***হায় নিরাপত্তা!***

অবশেষে নিরাপত্তার দেখা পেলাম, জায়গাটির নাম রেডলাইট এরিয়া। এখানে বেওয়ারিশ শিশুদের জন্ম হয়, প্রতিটি রাতে নারীদের শরীর চড়ামূল্যে বিক্রী হয়। আসলে এক কথায় বলা যায় নগ্ন শরীরের বিনিময়ে নারীদের নিরাপত্তা পাওয়া যায় এখানে। আর এইচ আই ভি একেকটি কোষের মৃত্যু ঘটায় কেবল। তাতে কি! মৃত্যু তো চিরন্তন, তাই এক মেয়েমানুষের মৃত্যু? ও কিছু নয়!

***নারী বড়োই সহজলভ্য, সৌন্দর্যর প্রয়োজন নেই, শরীর পেলেই হলো;***  
***কারণ পুরুষের কাছে শরীরের ক্ষুধা কখনোই মরেনা।***

হ্যামিল্টন, কানাডা  
২৪ অক্টোবর, ২০১৬ ইং।

********যেদিন লিখেছিলাম আসলে ছোট্ট একটা স্ট্যাটাস হিসেবে দিতে চেয়েছিলাম ফেসবুকে। কিন্তু লিখতে গিয়ে বিশাল হয়ে গেলো। তারপর সেদিন ব্লগে দিতে পারলাম না। কারণ এখানে পোষ্ট দেয়ার পর চব্বিশ ঘন্টা পার হয়নি। হুম লেখাটি ফেসবুকে দিয়েছিলাম। আমি যখনই কোনো লেখা লিখি সোনেলার কাছে জমা রাখবো বলেই লিখি। খারাপ লাগছে সরাসরি এখানে দিতে পারিনি বলে।********

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%a8%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf/#comments
