# রুপালি চন্দ্রকলা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-03-13T09:42:07+00:00
- Updated: 2020-03-20T11:25:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be/

---

পূর্ণিমার অংশুক পড়েছিলো মুখাবয়বে,  
সিন্গ্ধতার আবেশ ছড়িয়ে গেলো পুরো পৃথিবী জুড়ে।  
মোম জোছনায় অঙ্গ ভেজাও, সিক্ত হোক সোনার যৌবন।  
স্বপ্ন-বিলাসী হয়ে উঠুক চিতার চাবুকে জর্জরিত অন্তরিন্দ্রিয়।  
মরুভূমির তপ্ত বালুকনায় শ্বেত জোছনা লুটোপুটি;  
যামিনী পূর্ণশশী সঙ্গমে মাখামাখি আঁধারের মন বিছানায়;  
আলো-আঁধারির ফাঁদে পড়ে শ্মশানে জ্বলছে মনের যত বাসনা।

অমানিশা ভক্ষণ করে পূর্ণিমা;  
পূর্ণিমা প্রতিহিংসার প্রদীপ জ্বেলে ভক্ষণ করে দিস্তা দিস্তা কাব্য কথন।  
সরোবর টলমল ,ঝিকঝিক করছে রূপালি চাঁদোয়ায়;  
প্রেমে নিমগ্ন, নিস্তব্ধতায় ডুবে রয়েছে চন্দ্রকলা;  
কিসের আশে, কিসের বিষে মরেছে চন্দ্রাবতী?  
পুরানো দেয়ালের ইট চাপায় সমাঙ্গ দেহীর আস্তরণের প্রলেপ;  
জোছনাভরা আলিঙ্গনে ছুঁয়ে যায়।

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be/#comments
