# রিক্সা কোথায়!

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2017-03-02T22:58:51+00:00
- Updated: 2017-03-02T22:58:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f/

---

![তখন আমি অন্য পথে...](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/maxresdefault-300x189.jpg)

****তখন আমি অন্য পথে…****

সেই সে যেবার বৃষ্টি হলো পূজোর মাসে  
পথ-ঘাট সব জল থৈ থৈ  
রিক্সা কোথায়!  
তুমি তখন অপেক্ষাতে বসে ছিলে, এদিকে আমি কিভাবে যাই,  
সে কথাই ভাবছিলেম।  
তখন তো আর ফোন ছিলোনা, শুধুমাত্র চিঠি ছিলো  
আর বসে মুখোমুখি যা কিছু সব কথা হতো।  
কি যে করি, ভাবছি তখন,  
রিক্সা কোথায়! কি করে যাই!  
তোমার তো একটুকুতেই রাগ উঠে যায়। মাঝে-মধ্যে মন বলতো, আজই শেষ! আর না! খুব হয়েছে! কিন্তু আমি হেরে যেতাম, তোমার চোখের বিষণ্ণতায়;  
তবু সেদিন ভাগ্য ভালো একটা রিক্সা খুঁজে পেলাম,  
এই রিক্সা যাবেন নাকি টিএসসিতে? ভাড়া আমি বাড়িয়েই দেবো। চলুন না ভাই!  
তখনও ভাই ডাকের মূল্য ছিলো, তেড়ছা নজর কাটিয়ে দিতো।  
বেইলি রোডে এক হাঁটু জল, বেচারা রিক্সাওয়ালা প্যাডেল ঘোরায় টেনে টেনে;  
ওদিকে তো আমার তাড়া, তুমি তো বলেই খালাস,  
‘আসতে হবে।’  
এই যে ভাই, একটু প্লিজ জোরে চালান।  
অবশেষে পৌঁছে গেলাম যথাস্থানে, কিন্তু এখন তুমি কোথায়!  
বৃষ্টি আবার নামলো বলে, ভিঁজতে আমার আপত্তি নেই, তুমিও জানো  
কিন্তু এখন তুমি কোথায়!  
ওই সময়েই তোমার বন্ধু তমাল ভাইয়া সামনে আমার এসে দাঁড়ালেন,  
‘কখন এলে? নিমগ্ন আসেনি বুঝি! বড্ড পাগল, এলোমেলো। নাটাই তুমি ছেড়ে দিওনা, বুঝলে? একটুখানি কঠিন হয়ো।’  
হেসে ফেললাম কথা শুনে, তখনই বৃষ্টি এলো, এক ছুটে ক্যাফেটেরিয়ায়  
কে জানতো তখনই তুমি, এসে খুঁজবে আমায় সে বৃষ্টিতে!  
বোকারা রাগে বেশী, তেমনি করে সন্দেহ, তুমিও তেমনই ছিলে,  
কে একজন বলে ফেললো, ‘রিনিকে তো দেখলাম ক্যাফেতে ছুটে যেতে, সাথে ওর তমাল ছিলো।’  
অমনি তুমি রেগেমেগে অস্থির হয়ে ফিরে গেলে; বোকা তুমি! তাইতো তুমি একলা ভীষণ  
বিকেল নিয়ে বসেছিলেম শুধু তোমার অপেক্ষাতে,  
সন্ধ্যে যখন গড়িয়ে গেলো রিক্সা কোথায়! ফিরে এলাম।  
কে জানতো আজকে আবার এমন করে দেখা হবে তোমার সাথে রিক্সা স্ট্যান্ডে  
এমনই বৃষ্টি দিনে?  
কিন্তু আজও রিক্সা যে নেই  
হঠাৎ এক রিক্সা দেখে, এই রিক্সা যাবেন নাকি? একই সাথে বলে ওঠা,  
দুজনেই চমকে গেলাম, চেয়ে দেখি সামনে তুমি।  
বললে আমায়, ‘কেমন আছো? কোথায় যাবে, নামিয়ে দেবো? আমি যাচ্ছি টিএসসিতে।’  
কিন্তু আমার অন্যপথে যাবার তাড়া, আত্মজ অপেক্ষাতে বসে আছে।

হ্যামিল্টন, কানাডা  
২ মার্চ, ২০১৭ ইং।

---

Comments: 57 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f/#comments
