# রাত্রি

- Author: [বনলতা সেন](https://sonelablog.com/author/bonolota/)
- Published: 2014-09-03T03:07:29+00:00
- Updated: 2014-09-03T03:07:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/

---

রাত, এখনও কাঁদছো! মোছ চোখ।  
এসো, আরও কাছে এসো,এসো এই বুকে।  
রূপোর ঝিনুকে তুলে ওম ওঠা দুধ খাইয়ে দেব  
দেব কপালে কাজল টিপ;  
গন্ধ মাখা এলো চুলে জোড়া বিনুনি করে দেব  
লাল ফিতের ফুল জড়িয়ে,  
কথা দিচ্ছি ঝুমঝুমি এনে দেব দু দু’টো ।  
চলো, নিকানো উঠোনে খেলি দুজনে এক্কা দোক্কা , সত্যি বা মিথ্যে-মিথ্যি চড়ুইভাতি।  
চলনা ,দু ‘জনে চুপি চুপি কাশবনে কালো ফড়িংয়ের পিছু নিয়ে ধরে ফেলি দু’একটা।  
লেজে ছোট্ট সুতো বেধে ওড়াই, কিছুক্ষণ।  
আবারও বলছি–  
শেষ কর এ কান্না আমার বুকে মুখ লুকিয়ে।

তোমার মুখর সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ  
দেয়ালে লুটায় অবহেলে,  
অযথা কেনই বা মাথাকুটে মড়া অস্থিরতার অবগাহনে?  
এ ঝিমঝিম ওষধি স্বপ্ন না দেখলে হয়না ?

কেঁদোনা বলছি, ক্ষণিকের এই সরাইখানায়  
ভীরুতার হিম নিয়ে কেন যাও পাথুরে দেয়ালে মাথাকুটতে !

---

Comments: 56 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/#comments
