# রাতের পাণ্ডুলিপি

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-08-05T05:47:26+00:00
- Updated: 2019-08-05T05:47:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf/

---

রাত, তুমি নাগালের বাহিরে ঘুমাচ্ছো;  
তোমাকে স্পর্শ করলেই আঁতকে উঠি।

তোমার আলোহীন মঞ্চে-  
বিশুদ্ধ ফুলের উপর নিষিদ্ধ প্রতীক চিহ্ন,  
কি করে সহ্য করো তুমি?  
বুকে পিঠে অজ্ঞাত শকুনদের লালাচিত্র।

আবার——  
তোমার গভীরতায় একাকীত্বের হাতছানি;  
কেউ কেউ গভীরতাকে আলিঙ্গন করে  
গরম দীর্ঘশ্বাসে বৈধ কবিতার ঘ্রাণ শুঁকে  
অথচ, তুমি কারো না কারো নাগালের বাহিরে।

রাত তোমাকে  
অসংখ্য দু’পায়া আজো ঘুম পাড়াচ্ছে;  
নিষিদ্ধ চাহিদা দীর্ঘায়ু করে নিতে  
যৌবনে হানা দেয় শকুন জোড়ার চেঁচামেচি।

অন্ধকারের বৈধতা গ্রাস করে  
হঠাৎ এক প্রভাতের লাল সূর্যে  
ঝোপ থেকে ভেসে যায় করুণ মানবিক কন্ঠ  
জানান দেয়-  
আমি তোদের, মুখোশের মানবতায় শকুনের ফসল  
আমি তোদের, সমাজে আজন্ম বেওয়ারিশ সীমানা।

নেত্রকোনা, ময়মনসিংহ।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf/#comments
