# রঙ : পরিভ্রমণকারী সময়

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2013-11-13T10:00:37+00:00
- Updated: 2013-11-13T10:00:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%99-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/1426550_10201880666434702_585673510_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/1426550_10201880666434702_585673510_n.jpg)  
যে চলে যাবার  
সে চলেই যায় ।  
নিঃশ্বাস কি টের পায় সে কোথায় যাচ্ছে ?  
জানে কেবল বৃক্ষ…  
হলুদ হয়ে যাওয়া পাতারা যেমন চেনে ,  
ঝরে পড়ার শব্দ  
নটরাজের মতো প্রলয় নাচন নাচে অদৃশ্য হাওয়া  
কচি সবুজ পাতা হাসে  
আর চৈত্রের বুকে ছিন্ন পাতারা ওড়াওড়ি করে ।  
যায় , চলে যাবার যা সে তো যাবেই  
আমি যাওয়া দেখি ,  
পাওয়াকে আপন করিনা ।  
যে সময়কে ভোর বলি , তাকেও চলে যেতে হয়  
দীর্ঘ ভ্রমণে  
দুপুর-বিকেল-সন্ধ্যে গড়িয়ে অন্ধকারের আলোয়ান জড়ায়  
আমার নক্ষত্র-জলে স্বপ্ন ভাসে যখন ,  
চরম বাস্তবতা আঘাত করে সুনামী হয়ে  
মাটি এবং বালু এক হয়ে যায় ।  
তুমি-আমি’র মধ্যে আমি-ই কেবল ডুবে মরে : চলেই যাই ।  
তুমি বয়সের ভারে ন্যুব্জ  
আর আমি বয়সী সুতোয় কৈশোরী কাল গাঁথি ।  
কি হতো ? কি হতোনা ! সময়ের মুখ নেই…কেবল ছুটে চলে ।  
কুয়াশা ভেঙ্গে পড়েনা ভোর না এলে ;  
তাই তো বলি , আজ যে সময় ফিরে গেছে ,  
ফিরিয়ে দিয়েছো  
ফিরে চলে গেছি আমি।  
যদি আমার নীল পৃথিবীর কাছে তোমার অরণ্য আজীবনকাল সবুজই থাকতো ,  
কোনো রং আর জন্ম নিতো না ।  
রঙ বিবর্ণ হয় , মানুষ আর সময় কেবল স্মৃতির কাছেই আছড়ে পড়ে ।

হ্যামিল্টন , কানাডা  
৩ নভেম্বর , ২০১৩ ইং ।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%99-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/#comments
