# রং কল !

- Author: [মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী](https://sonelablog.com/author/mhchowdhury/)
- Published: 2021-09-03T09:24:52+00:00
- Updated: 2021-09-03T18:33:34+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%82-%e0%a6%95%e0%a6%b2/

---

মোবাইল ফোন পার্স্পরিক যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞানের অশেষ আশীর্বাদের অন্যতম একটি। বর্তমানে মোবাইল স্মার্টফোনে ইন্টারনেট এবং বিভিন্ন এপসের সংযুক্তির কারণে তা দেশে বিদেশে ভিডিও কল সহ নানাবিধ ব্যবহারের মাধ্যমে মানুষের যোগাযোগ এবং তথ্য প্রবাহের ক্ষেত্রে এক বৈপ্লবিক যুগের সূচনা করেছে এ কথা নির্দ্বিধায় বলা যায়।  আমাদের মতো উন্নয়নশীল দেশের মানুষেরা মধ্য-প্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত এবং বসবাস করছেন। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম প্রবাসীরা অডিও ক্যাসেটে কথা রেকর্ড করে বিদেশ থেকে পাঠাতো।  মোবাইল ফোনের ভিডিও রেকর্ডিং এর কারণে সমাজের অনেক অনাচার, অবিচার ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে জন-সমক্ষে প্রকাশিত হচ্ছে। উন্মোচিত হচ্ছে অনেক অন্যায় দুর্নীতি স্বজনপ্রীতিও। ফলশ্রুতিতে তাৎক্ষণিকভাবে বা বিচার বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ার পরে অনেক ঘটনার প্রতিকারও হচ্ছে। সুষ্ঠু বিচার হচ্ছে। এসব অবশ্যই মোবাইল ফোনের সুফল।

সবকিছুরই ভালো মন্দ দুইটি দিক আছে। তাই এখানেও মোবাইল ফোনের সদ-ব্যবহার আর অপ-ব্যবহারের সুযোগ থাকে। মোবাইল তথা স্মার্ট ফোনের অপব্যহারের কারণে সমাজে নানান রকম অপরাধ, ব্ল্যাক মেইলিং, চাঁদাবাজি, অশ্লীলতাও ছড়িয়ে পড়ছে । মোবাইল ফোন এখন আমাদের কাছে অতি আবশ্যকীয় জীবনের একটা অনুষঙ্গ । মোবাইল ছাড়া আমরা বা আমাদের জীবন অচলই বলা চলে।  কিন্তু তাই বলে একজন সত্যিকারের মুসলমান মসজিদে বসে ফ্রি স্টাইলে কথোপকথন করতে পারেন না। ধর্ম আমাদেরকে সেই শিক্ষা দেয়নি। মসজিদে প্রবেশ পথে দেয়ালে দেয়ালে লেখা আছে জনাব আপনার মোবাইল ফোন বন্ধ রাখুন। না, জনাবেরা তা বন্ধ রাখতে পারেন না ! আমার মতো একজন সাদাসিধে মানুষের বুঝে আসেনা ফজরের নামাজের সময়ও কি মোবাইল ছাড়া আমরা অচল ? প্রায় প্রতিটি ওয়াক্তের নামাজের সময় শুনবেন নানান ধরণের বিচিত্র সুরের বা আওয়াজের রিং টোনের মোবাইল রং কল দিচ্ছে । আমাদের মনোযোগের ব্যাঘাত ঘটাচ্ছে।  মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের পবিত্রতা, মর্যাদা, শান্তি এবং নীরবতা মেনে চলার ক্ষেত্রে সচেতন হওয়ার তৌফীক এনায়েত করুণ।  আমীন ।

ছবিঃ সংগৃহীত।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%82-%e0%a6%95%e0%a6%b2/#comments
