# যে গল্পের শুরু আছে, শেষ নেই

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-09-30T14:32:20+00:00
- Updated: 2014-09-30T14:32:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/

---

অল্প বয়সী ছেলেটি ডিভি লটারি পেয়ে আমেরিকা আসে। দূর সম্পর্কের আত্মীয়, বিধায় আমার বাসায় উঠে। খুব ভোরে উঠে কাজে যায়, ক’দিন আগেও মায়ের গভীর আদরের গণ্ডীর ভেতরে থাকা ছেলেটি। কাজ থেকে ফিরে ঘুমিয়ে পরে আমার ড্রইং রুমের সোফায়। রাত গভীরে তার গোঙানির শব্দ ভেসে আসে ! হঠাৎ হাড়ভাঙ্গা খাটুনিতে প্রচণ্ড জ্বর আর ব্যথার গোঙানি ! সকালে আমি মেডিসিন দেই। সে খায়। আবার কাজে নেমে পরে। এভাবে প্রায় এক বছর আমার অতিথি ছিল সে।

আয়ের পুরোটাই দেশে পাঠাতে লাগলো। উপরন্ত ধার দেনা করেও পাঠাচ্ছিলো, যদিও তার পরিবার মোটামুটি সচ্ছল।

একবছর বাদে আমি দেশে যাই। পরিবারটি সীমাহীন কৃতজ্ঞটায় নিমন্ত্রন করে। আমি যাই। একপর্যায়ে জানলাম তাদের বাসার টিভি, ফার্নিচার সব নতুন অর্ডার করা হয়েছে। চারদিকে চোখ বুলালাম। বললাম, “এগুলোই তো অনেক সুন্দর। বলাচ্ছেন কেন ?” ওর মা বললেন, “ছেলে টাকা পাঠাচ্ছে নিয়মিত, তাই এই রদবদল”। ছোট ভাইগুলোর অন্যায় আবদার… মায়ের আবদার… সব মিলে সে এক হুলুস্থুল অবস্থা পরিবারটিতে।

এলোমেলো ভাবনা আর হৃদয় বিদীর্ণ করা দীর্ঘশ্বাস বুকে নিয়ে বাড়ি ফিরি। ছেলেটির প্রতিদিনকার কাজ শেষে বাড়ী ফেরার সময়কার করুন, মায়াময়, বিষাদমাখা মুখ খানা ভেসে উঠে। গোঙানির সেই শব্দ কর্ণকুহরে সুঁইয়ের মত বিধে, ঘুমাতে দেয় না আমায়। কুরে কুরে খায় একরাশ কষ্ট !

অবচেতন মনে ভাবি, আমার কেন এমন লাগছে ! মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে না ?! নিজেকে নিজেই প্রবোধ দেই___ অনেক বছর আগে দেশ ছেড়ে আসবার সময় ছেলেটিকে কতো ছোট দেখেছি ! এখন আমার ছেলেটি যতটুকু, ঠিক ততটুকু !

এই যে অল্প বয়সী ছেলেটি পড়াশুনা শেষ করলো না… অসময়ে সব আনন্দ বিসর্জন দিয়ে জীবন সংগ্রামে লেগে গেলো… পরিবার থেকে ছিটকে গেলো দূরে, হাজার মাইল দূরে__ কোন কিছুর বিনিময়েই কি আর সেসব ফিরে পাবে ?

যে কারনে এতো কথা __ গত ২৬ দিনে ১০৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসী’রা। এই রেমিট্যান্সের অপর পিঠে কতো গোপন হৃদয় ক্ষরণ… নির্ঘুম রাত… দীর্ঘশ্বাস… ঘাম ঝরা দুর্বিষহ কষ্ট জড়িয়ে, তা কেউ জানলো না। জানা হলো না কারো__ পরিবারের এক মুঠো সুখের পেছনের গল্প, গল্পই থেকে যায়। যে গল্পের শুরু আছে, কিন্তু শেষ নেই…

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/#comments
