# যুগলবন্দী

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-06-28T18:00:10+00:00
- Updated: 2020-06-28T18:00:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80/

---

তোমার বুক পাঁজরে একটি ছোট্ট কুঁড়েঘর,  
সেখানে বসত করে আমার প্রেম, দ্রোহ।  
অভিমানের ময়ূরপঙ্খী নাও নিত্য করে এপার-ওপার;  
ঘন-বরষায় জৈবিক অনুরণনে ভালোবাসার সেতু গড়ে।  
ভৈরবী আশাবরী সুর-মূর্ছনা ভেসে আসে হৃদয়ের জলসায়;  
মন্দাকিনীর স্বচ্ছ লহরীতে খেলি জলকেলি-  
বর্ষার নবধারায় সঙ্গী দুষ্টু-দুরন্ত মীনদল।

মেঘেরা দল বেঁধে ছায়া দেয় শিয়রে দাঁড়িয়ে;  
অধরে অধর ছুঁয়ে যায়, চোখে চোখে হয় শুভদৃষ্টি;  
আলিঙ্গনে মিশে যায় আকাঙ্ক্ষার বহ্নি-শিখা।  
অনুরাগের বাঁশরী বাজে মধুরিমা তানে;  
শিরা-উপশিরায় ধাবিত হয় প্রেমের উন্মাদনা।  
ঊষা-লগ্নে নীহার-স্নাত দূর্বারাশি চরণে প্রণাম ঠুকে;  
শুক্লাপক্ষে চন্দ্রকণা পুষ্পরূপে গায়ে মাখি আলোকজল।  
চড়ুই-বাবুইয়ের আনাগোনা আটপৌরে ছক এঁকে-  
তারই ধারাপাতে তুমি-আমি যুগলবন্দী।

---

Comments: 37 — https://sonelablog.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80/#comments
