# যা হারিয়েছি তার প্রতিলিপি হয়না

- Author: [খাদিজাতুল কুবরা](https://sonelablog.com/author/khadizatul-kubra/)
- Published: 2021-03-20T13:05:17+00:00
- Updated: 2021-03-20T16:33:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa/

---

 

দশ বছর আগে জীবনে প্রথম মৃত্যুর সাথে পরিচিত হয়েছিলাম আব্বার শীতল কপাল স্পর্শ করে। তখন আকুল হয়ে কাঁদলে মাথায় একটি স্নেহের হাত অভয় দিয়ে বলতো “আমিতো আছি “।

সেই হাতটিও হিমশীতল হয়ে গিয়েছিলো গত ১৩ই জানুয়ারি। না মাথায় আর কোন স্নেহের স্পর্শ পাইনি।

আমার মা এবং বাচ্চাদের নিয়ে পার্কে হাঁটতে গিয়েছিলাম বিকেলে, কিছুটা হেঁটেই তিনি ক্লান্ত বোধ করছেন জানালেন, কিছুটা ঘেমেছেন ও। বসিয়ে পানি খাওয়ালাম। তাড়াতাড়ি বাসায় নিয়ে এলাম, নিয়মিত ঔষধ যা খেতেন খাইয়ে দিলাম, মাথায় পানি দিলাম। ইতিপূর্বে অসুস্থ হলে এভাবেই ঠিক হতেন। প্রায়ই হাইপারটেনশনে ভুগতেন। সেদিন অস্থিরতা বাড়তে থাকলো সাথে বুকে ব্যাথা। কয়েক মিনিটের মধ্যে মুখটা নীল হতে থাকলো, বুঝলাম হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। হাতের কাছের হসপিটালে নিলাম বিশ মিনিটের মধ্যে। ইমার্জেন্সিতে ই সি জি রিপোর্ট দেখে ডাঃ বললেন মেজর কার্ডিয়াক আ্যটাক। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলো। রাত প্রায় আড়াইটায় সব শেষ হয়ে গেল। হারিয়ে ফেললাম জীবনের অমূল্য প্রেমাস্পদ। এখন শুধু পড়ে রয়েছে মা হীন নিষ্ঠুর পৃথিবী।

যখন বাবাকে হারিয়েছিলাম, তখন মনে হয়েছিলো এ হচ্ছে সেই মৃত্যু যা আমি এতোদিন শুনেছি যা তা-ই  __

” মানুষ মরণশীল “।বাবার মৃত্যু মানে আহত চিতার মতো ক্ষিপ্রতা হারিয়ে হাঁটু গেড়ে পড়ে যাওয়া। সেই মানুষটিকে হারিয়ে ফেলা __ যার কাছে জল চাইলে সুপেয় পানীয় বাড়িয়ে ধরত। হ্যাঁ সেদিন শোকার্ত হৃদয়ে এ-ও  অনুভব  করেছি বাবার শেখানো কৌশল কাজে লাগিয়ে নিজের জন্য, পরিবারের জন্য ডাবের খোসা ছাড়িয়ে সুপেয় জল বার করবার দায়িত্ব আজ থেকে আমার। কচ্ছপের মতো গতিতে হলেও গন্তব্য ছুঁতে হবে সূর্য ডোবার আগেই।রোদে পোড়া তাম্র বর্ণ সাফল্যের উজ্জ্বলতায় ঢাকা পড়বে সেই মহেন্দ্রক্ষণে, দুচোখ বুজে ঘুম আসবে শ্রান্ত নয়নে। আমার মধ্যেই বাবা বাস করতেন, প্রতিটি পদক্ষেপে আমি তাঁর অস্তিত্ব টের পেতাম। তাই শোক কাবু করতে পারেনি।

যখন মাকে হারালাম,তখন বুঝতে পারলাম এ জগতে মৃত্যুর চেয়ে বিষাদ আর কিছু নেই।আর কেউ কখনো আলপথ ধরে হেঁটে আমার পথ চেয়ে থাকবে না।বিপদের কথা শুনে নফল নামাজে দাঁড়াবেনা।মন খারাপের কথা না বললেও বুঝে ফেলবেনা । মা ডাকবার প্রশান্তি হারিয়ে গেছে চিরতরে। আমার আচরণে কষ্ট পেলেও যিনি নিজগুণে ক্ষমা করতেন আমার অজান্তেই; তিনি আর নেই। যার কাছে কখনো নিজেকে প্রমাণ করতে হয়নি । আমার সমস্ত দোষ গুন নিয়েই যিনি আমাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি আর নেই। আছে শুধু এক নির্দয় পৃথিবী যেখানে তিল পরিমাণ ভুলের ক্ষমা নেই। আজ বুঝতে পারছি এর আগে আমার কিছুই হারায়নি। শুধু পথের বাঁকের ছায়াবিথী গুলো দৃষ্টির আড়াল হয়েছিল মাত্র।যা হারিয়েছি তার প্রতিলিপি হয়না।

মা চলে যাওয়ার পর থেকেই চারিধার শূন্য মনে হয়!যার জন্য কদম কদম হেঁটে গন্তব্য ছুঁতে চেয়েছি, সে আর নেই। আমার ও আর তাড়া নেই, হয়তো বা আমাদের মঞ্জিল একটাই।

ইমার্জেন্সি রুমে মা আমার হাত ধরে বলেছিলেন __

” আর কবিতা লিখিসনা। ছেলে মেয়েকে মানুষ করিস, যা তুই লিখতে চাস তা অন্তর্যামী জানেন। তিনি সবসময় ধৈর্য্যশীলের সাথে থাকেন।”

প্রশ্ন থাকতে পারে নিছক ঘরকন্না না করলে কী ছেলেমেয়ে মানুষ করা যায় না?

আদেশ যেহেতু আমার মায়ের শেষ ইচ্ছা! তাই সমস্ত যুক্তিতর্ককে একপাশে রেখে মায়ের শেষ ইচ্ছে পালনে আমি বদ্ধপরিকর।

জীবন সুখ দুঃখের সরল অংক এটি সর্বজন বিধিত। হুট করে লেখা ছেড়ে দেওয়া ঠিক হতোনা বলেই আমার একান্ত বাধকতা সবার সাথে ভাগ করে নিলাম। মায়ের নিষেধাজ্ঞার অন্তরালে ছিল প্রতিকুল পরিস্থিতি থেকে আমাকে সরিয়ে রাখা। বেশির ভাগ মহিলাদেরই লেখালেখি করায় পরিবারের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকে না। আমার ও নেই।

আমি ব্যক্তিজীবনে Introvert, নিরবচ্ছিন্ন সময় কাটাতে বেশি পছন্দ করি। তাই আমার কথারা কলমের দখলে।

ছোটবেলা থেকেই লিখতাম। বেশির ভাগ লেখাই হারিয়ে গেছে। কিছু লেখা এখনও আছে ডায়েরি বন্ধি। সেগুলোই এখন পোস্ট করছি।

একদিন এমন আসবে ইনশাআল্লাহ “যেমন খুশি তেমন সাজ” এর মতো কবিতার চরণ সাজাবো মনের মতো ইচ্ছে যতো।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa/#comments
