# মোহহীন আকাঙ্খা….//

- Author: [বন্যা লিপি](https://sonelablog.com/author/lipi71/)
- Published: 2021-01-13T13:54:30+00:00
- Updated: 2021-01-13T13:54:30+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%be/

---

রাতজাগা চোখ নিয়ে দৌঁড়াই আমি সীমাহীন রেললাইন অতিক্রম করে যাব ভেবে;

তুষার পরতে একটু বাকি, এমন শীত গায়ে জড়িয়ে ব্রহ্মপুত্র নদের চরে, কঠিন বালুর ওপর ঘাস খুঁজতে  হাত বোলাই।

ল্যাম্পপোষ্টের নীচে দাঁড়াই গিয়ে,, কতগুলো নিঃসঙ্গ কুকুরের মুখে সততার গল্প শুনতে।

নিয়নের মরা আলোয় খুঁজি – এখানে একদা শৈশবের হুটোপুটি ছিলো হয়ত!সোজা সরল রাস্তা ধরে খালি পায়ে হাঁটতে থাকি নিষ্পাপ মাটির খোঁজে।চোখ আমার ঠাণ্ডা সাপের মত ভেদ করতে থাকে বরফের মত কঠিন অন্ধকার।

আঁকাবাঁকা সর্পিল গতি ভাগ হতে হতে সিঁড়ি হয়ে যায়।

তারপর সিঁড়ি বেয়ে উপরে ওঠার আকাঙ্খা বাড়ে, বাড়তে বাড়তে….. পা বাড়াই মোহহীন এক শুন্যতার দিকে।আঁধার গুলো বিভক্ত হতে হতে ফিকে হয়ে আসতে থাকে ; ফসফরাসের মত কিছু আলোর দেখা মেলে উচ্চে, একটা কন্ঠের আওয়াজে সম্বিৎ ফেরে….. একটা চেনা ছায়া- ভেসে আসে শাসনের কড়া ধমক….. আর ভুল করবে? খুব রাগ হয়েছিলো”

পরিচিত একটা কন্ঠ! দুচোখ শীতাশ্রুতে ভরে ওঠে, বোবা ভাষা শুধু প্রতিশ্রুতি দিয়ে ভেঙে পড়ে  ছায়ার বুকে। হাতে হাত রাখে নির্ভয়তার টানে। কেউ একজন এসেই ছায়াকে জিজ্ঞেস করে-“এ কে? “ছায়া বলে ওঠে- ‘ ও আমার গার্লফ্রেন্ড’

– বাহ্, তোমাদের তো বেশ মানিয়েছে! একটুও ভয় করবে না তোমরা। দরকারে আমিই তোমাদের বিয়ে দিয়ে দেব শীত শেষে’…….

সিঁড়িতে দাঁড়িয়ে আমি খুশি হয়ে উঠি নিয়ন্ত্রনের বাইরে। নিয়ম এসে চোখ রাঙায়। ছায়া ধরে রাখে শক্ত করে হাত। আমি নিয়মের ঘরে ফিরতে আরেকটা সিঁড়ি ভাঙতে অপেক্ষায় আছি, সিঁড়ি এসে গেছে…

আমি ছিটকে পড়ি সিঁড়ি থেকে…..

আকন্ঠ পিপাসায় গলা শুকিয়ে গেছে হাত বাড়াই পানি খুঁজতে- ছায়া  পেছনে এসে দাঁড়ায়,আমি তাকিয়ে আছি বন্ধ লিফটের দরজার দিকে…..ছায়া আমার গাঘেঁসে দাঁড়িয়ে বলে– এত কী ভাবছ বলোতো?

আমি হাত বাড়াই ছায়াকে ছোঁব বলে……..

যাচ্চলে….!!!!

এতক্ষন স্বপ্ন দেখছিলাম?

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%be/#comments
