# মৈমনসিংহ গীতিকা : চন্দ্রাবতী (তৃতীয় পর্ব)

- Author: [কাফি রশিদ](https://sonelablog.com/author/kafi/)
- Published: 2013-07-15T09:15:54+00:00
- Updated: 2013-07-20T16:38:57+00:00
- Category: [সঙ্গীত](https://sonelablog.com/category/misc/song/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%88%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-2/

---

[মৈমনসিংহ গীতিকা : চন্দ্রাবতী (প্রথম পর্ব)](http://sonelablog.com/archives/3510)  
[মৈমনসিংহ গীতিকা : চন্দ্রাবতী (দ্বিতীয় পর্ব)](http://sonelablog.com/archives/3530)

**(৮) বিবাহের আয়োজন**

সম্বদ্ধ হইল ঠিক করি লগ্ন স্থির।  
ভাল দিন হইল ঠিক পরে বিবাহের।।  
দক্ষিণের হাওয়া বয় কুকিল করে রা।  
আমের বউলে বস্যা গুঞ্জে ভ্রমরা।।  
নয়া পাতা যত গাছে নয়া লতা ঘিরে।  
ভাল দিন ঠিক হইল শঙ্করের বরে।।  
সেই ত দিনে হইব বিয়া সর্ব্ব সুলক্ষণ।  
পানখিল দিয়া করে বিয়ার আয়োজন।।  
পাড়ার যতেক নারী পান খিলায়।  
যতেক নারীতে মিলি তাঁর গান গায়।।

জয় জুকার গীত আর বাজে ঢুল।  
উঠানে আকিল কত নানান জাতি ফুল।।  
আধিয়া পুছিয়া সবে পানখিল দিয়া। *  
আয়োজন করে সবে উতযোগ হইয়া।।  
বিবাহের যত কিছু করে আয়োজন।  
যতেক দেবতাগণের করিল পূজন।।  
পূজিল শঙ্করে আগে দেব অনাদি।  
অন্তরে যাহার নাম রাখিয়াছে বাধি।।  
একে একে কৈল পূজা যত দেব আর।  
শ্যামাপূজা একাচূড়া বনদূর্গা মার।।

আদিবাস হইল শুভ বিয়ার পূর্ব্বদিনে।  
ক্রিয়াকাণ্ড আদি যত হইল সুবিধানে।।  
চুরপানি ভরে সবে উঠিয়া প্রভাতে।  
গীত জুকার যত হইল বিধিমতে।।  
আব্যধিক করে বাপে মণ্ডপে বসিয়া।  
তার মাটি কাটে যন্ত সধবা মিলিয়া।।  
সেই দা মাটিতে ইটা তৈয়ার করিয়া।  
পঞ্চ নারী মিলি দিল তৈল লাল দিয়া।।  
আব্যধিক হইল শেষ জানি এক মতে।  
সোহাগ মাগিল আর মায় বিধিমতে।।

আগে চলে কন্যার মায় ডালা মাথায় লইয়া।  
তার পাছে কন্যার খুড়ি লোটা হাতে লইয়া।।  
তার পরে যত নারী গীট জুকারে।  
সহাগ মাগিল কত বাড়ী বাড়ী ফিরে।।

* পানখিল : পানের খিলি। বাংলাদেশে বিয়ের অনুষ্ঠানে পান খাওয়ার প্রচলন প্রাচীনকাল থেকে চলে আসছে।

*(চলবে)*

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%88%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-2/#comments
