# মেয়েলোক

- Author: [পারভীন সুলতানা](https://sonelablog.com/author/parveen018/)
- Published: 2015-09-08T15:50:39+00:00
- Updated: 2015-09-08T15:50:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95/

---

আজ থেকে অনেক বছর হবে  
প্রায় শত বছরের কাছাকাছি,  
উনবিংশ শতাব্দির প্রথম ভাগে।  
বলতে পার, দাদা পরদাদাদের আমলে  
ওদের কারো কারো নাম  
কুড়ানী, উড়ানী কিংবা ফেলানী কেউবা আবার  
চেহারায় সাদৃশ্য অব্যয় , খেঁদি কিংবা বুচি ।  
নামের আড়ালে পরিচয়ের অবিচ্ছিন্ন অবগাহন  
কখনো’বা সুয়োরানী , দুয়োরানী অথবা সুখু দুখুর মা  
অথবা এমন কোন নাম, মুখে যখন যা আসে তা ।  
নামের নির্যাসে দ্রবীভূত সর্বময় ওদের পরিচয়  
ওরা তখন নিষিদ্ধ হাটের সওদা,  
আদিম ব্যাবসায় একমাত্র সহজ লভ্য পণ্য;  
এক বা আধুলি দামে ভালই বিকিয়ে যায়  
কেই’বা তাদের খবর রাখে , যারা নয় মানুষ নামে গন্য ।

এইত সেদিন বছর পঞ্চাশ আগে,  
আধুনিকতার ছোঁয়া সবার মাঝে নামে,  
নামে যখন পরিবর্তনের হাওয়া  
বিকিকিনির হাটে এল নতুন বাওয়া ।  
ব্যাক্তি নয় , এবার বিকায় শ্রম বড়ই সস্তা দরে  
ডাল নুন, মোটা চালে পেট চুক্তির ভারে  
নতুন নামে আটপৌরে বাড়ীর কারাগারে ।  
ফি বছর , জোড়া কাপড়, রুক্ষ চুলে তেল  
নামের সাথে তাল মিলিয়ে নবায়িত ভেল ।  
আসলের সাথে সুদের মত আরও আছে দেনা  
অন্ধ রাতে মনিব শয্যায় অতিরিক্ত পাওনা ।

আজ, এই আমি তুমি আমাদের যুগ  
কম্পিউতার, কেবল, মোবাইল আর ইন্টারনেট  
আধুনিক পৃথিবীর চুড়ান্ত ভেট  
গ্রামগঞ্জ হাটবাজার জনপথ মাড়িয়ে  
পেটচুক্তি গৃহস্থালি’র আঙ্গিনা ছাড়িয়ে ;  
আধুনিক পৃথিবীর বানিজ্য সভায়  
আমদানি পণ , গার্মেন্টস কর্মী , নতুন তাদের নাম।  
বিশাল কারখানায় নিয়ন বাতিচ্ছটায়  
সকাল সন্ধ্যা অলিখিত অঘোষিত নিয়ম ধারায়  
শৃঙ্খলিত শ্রম , সেকেন্ডে শুন্য দামে বিকায় ।

সহজ্র নামে এখন আধুনিকতার তকমা আটা  
ববিতা, শাবানা, রোজিনা অথবা শাবনুর  
কেউবা আবার ক্যাটরিনা, কারিনা অথবা কারিশমা  
নাম বা বেনামে আজও পথভ্রান্ত ওরা , অহরহ হারায় পথদিশা ।

কবে সেই কোন কালে ছেড়েছে গ্রাম্য পরিচ্ছদ,  
আদুল পায়ে সস্তা স্যান্ডেল , স্পঞ্জের চটি  
বাটিক কিংবা পাখির নকল পাখি ড্রেস,  
টেরিলিন ত্রিপিসে আসক্তি সর্বশেষ;  
তখনও ওরা , ওরা শুধুই মেয়েলোক।  
আজতক ঘরছাড়া , চিরকালীন প্রোষিতভর্তৃকা  
বহুভোগ্যা নারী , পিতাহীন শিশুর জননী ।

এখনো সবপ্ন ওদের সস্তা সিনামায়  
শ্বাসরুদ্ধ বাক্সবন্ধি রঙিন ফিতায় ।  
অতীত নিমজ্জিত ঢেঁকি পাড়ানি, কুড়ানি নাম  
নাম আর কাজের হেরফেরে কাল উত্তরণ  
ইটপাথরের অট্টালিকায় , কাজের বুয়ার অনেক দাম।  
নামধাম আর কালান্তরে উত্তরণ  
উন্নয়নের নামে নিত্য নতুন নবায়ন,  
মাপকাটির বাটখারায় চিরচেনা অবস্থান ।  
তন্ন খোজে যদি জোটে একান্ত একটি ধাম ,  
মেয়েলোক ওরা, ওরা শুধুই মেয়েলোক, এই ওদের নাম।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95/#comments
