# মেলা, ফিরে এসো আবার ফুল-ঋতুতে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-25T13:43:49+00:00
- Updated: 2020-02-26T04:48:45+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%8b%e0%a6%a4%e0%a7%81/

---

 

বই মেলা হেঁটে যায়, হেঁটে-হেঁটে যায় যুবক-যুবতি, বৃদ্ধ-বৃদ্ধা, শিশুরা,  
কিশোর-কিশোরীরা, ঘন-বন্ধুত্বের আনন্দ চিত্তে, ব্যক্তিগত ভাবে,  
আলাপচারিতায় মুখর হয়ে;  
মজনুরা-ও;

দুজনকে দেখলাম, মনে হচ্ছে এই মাত্র ই খেয়ে টেয়ে এসেছে, সুস্থির ঢেকুর তুলছে-না,  
বা দাঁত-ফাঁত! নাহ তাও খোঁচাচ্ছে না, শিওর আধ-পেটা!স্বীকার করবে-না,  
সে আমি নিশ্চিত, শুধুই তিড়িং বিড়িং, নিরেট কিচ্ছু না; স্বচ্ছতায় প্রশ্নাতীত!  
নেই এখানে কোন অনুঘটক-অনুপ্রাণনের অনুপ্রবেশ।

বলকাতে থাকা অস্থির কন-কনে ভাব মুখে, দুরন্ত-দুঃসাহস ধারালো মার্বেল চোখে,  
আর চকচকে-ঝকঝকে দাঁতের জোরালো জোড়া-বন্ধুত্ব,  
আপামর স্বচ্ছ-সুন্দরতায় প্রকট আনন্দ-দুষ্টতা লুকোতে পারে-না, পারেনি,  
খরখরে গদ্যে; বন্ধুত্বে বন্ধুত্বতার পালন-পোষণ  
প্রীতির-বাঁধন স্নেহ-শাসন এ এক অবিরাম সাধন-ব্যবস্থাপন।

হেঁটে যাচ্ছি,  
অনবরত অবিরত কল-কল ছল-ছল, অগুনতিদের সাথে;  
ঘোড়া কেন ডিমে তা দিচ্ছে না, শক্ত-বুটের গোড়ালি ঠুকে জানতে চাচ্ছে,  
সেটি নিয়ে এখন-ও কেন কোন-ই গবেষণা হচ্ছে না,  
এই সিরিজ ভাবনার বোঝা বয়ে চলছে মেলা-প্রাঙ্গনে;  
সাক্ষাৎ খুলে রাখা এক গবেষণা-পত্র, সাথেই চলছি  
মেলার পথে যেতে যেতে।

ঠিকরে আসা স্ফূর্তির আলোতে তাকিয়ে চলতে ভালোই লাগে/লাগছে;

এসো আবার ফিরে, মেলা,  
এই বইয়ের প্রাঙ্গণে, প্রাণের-মেলায়, বেহুঁশের ফুরফুরে-মজনুদের সাথে,  
সলজ্জ সান্ধ্য-বিকেলে, দুঃস্বপ্ন-বটিকা ছুঁড়ে ফেলে চিরতরে,  
এ এক অক্ষর-স্রোত অগম্য দুষ্পাঠ্যতার ছলে;  
আমি থাকি-বা-না –থাকি, আসি-বা-না-আসি।

ছবি……নেটের;

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%8b%e0%a6%a4%e0%a7%81/#comments
