# মেঘ বালিকা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-25T13:59:59+00:00
- Updated: 2020-05-25T13:59:59+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/

---

মেঘ বালিকা, আজ তোমার মন খারাপ?  
তাইতো বুঝি গোমড়া মুখে করছো পায়চারী!  
একটু ঠোকর পেলেই কাঁদবে ভীষণ ভারী।  
তুমি কাঁদো যদি, বৃষ্টি হয়ে ঝরবে –  
আমি তখন হাত বাড়িয়ে পরশ নেব তোমার,  
টুপ করে অধর ছুঁয়ে মুখে নেব পুরে।  
তোমার কান্না হবে নদী;  
উর্মিমালা আছড়ে পড়বে তটে;  
আলতা রাঙা উদম পা দু’খানি,  
নূপুরের ঝংকার তুলে সিক্ত হবে তোমার ছোঁয়াতে।

মেঘ বালিকা, তুমি হাসলে খিলখিলিয়ে;  
আদিত্যের আলোকধারা ঝরবে, বসুধা হাসবে ঝলমলিয়ে।  
পাখির কিচিরমিচির ডাকে ঘুমন্ত প্রাণীকুল জেগে উঠবে।  
সোনালী ফসলে ভরে উঠবে মাঠ, ধূ ধূ প্রান্তর;  
হরিৎ বনানী সাজবে বর্ণালী আখরে,  
কর্মচাঞ্চল্যে ভরে উঠবে মানব-সভ্যতা।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/#comments
