# মেঘ জমেছে, মোটা বউ

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-09-10
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98-%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%89/

# মেঘ জমেছে

# – [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://www.bangla-kobita.com/jahangiralam123/)

জমেছে মেঘ আকাশ প্রাণে  
ঘ্যাঙরঘ্যাঙর ব্যাঙের গানে  
মনে লাগে ভালো,  
দেয়া ডাকে হঠাৎ করে  
থেকে থেকে বৃষ্টি পড়ে  
নীল আকাশে কালো।

বাবুইপাখির বাসা দোলে  
কৃষক ছেলে পথটি ভোলে  
পায়না বাড়ি খুঁজে,  
জুই চামেলি ফুল যে ফোটে  
মধুর জন্য অলি ছোটে  
আঁখি দু’টি বুঁজে।

আউশের ক্ষেত জলের তলে  
কৃষকের চোখ ওই ছলছলে  
বিষাদগ্রস্ত মনে,  
করিবে কি ভেবে চলে  
বর্ষাকালে নানা ফলে  
থাকে ফলজ বনে।

তমাল তরু নতুন সাজে  
নীল আকাশে মাদল বাজে  
মন যে থাকে ভয়ে,  
কখন আসবে হঠাৎ বৃষ্টি  
ধরার বুকে অনাসৃষ্টি  
হবে জিনিস ক্ষয়ে।

রচনাকালঃ  
২৭/০৭/২০২১

৪+৪/৪+৪/৪+২  
————————–  
মোটা বউ  
জাহাঙ্গীর আলম অপূর্ব

বউটি তাহার অতি মোটা জায়গা হয় না খাটে  
শোবার কালে বিবাদ লাগে নিত্য দিনের রাতে।  
ছোট্ট তাদের খাটটি রে ভাই আঁটবে পাতলা মানুষ,  
কে যেন রে বাতাস দিয়ে ফুলে রাখে ফানুস।

ঘুরে শোবার কালে স্বামী খাটটি থেকে পড়ে  
ঘুমের ঘোরে হঠাৎ করে খাটটি চেপে ধরে।  
মোটা হওয়া অতি জ্বালা সব কাজেতে কষ্ট,  
শোবার কালে রাতে বেলা হয় যে ঘুম ভাই নষ্ট।

মোটা মানুষ অনেক লোকে ভালো লাগে নারে  
অবজ্ঞা নয় মানুষ সেযে ভালোবাসো তারে।  
সব সময়ে বেশি খাবার নিজে নিয়ে খেতে  
হাতির মতো হেলে দুলে সদা চলে যেতে।

ছোট্ট ঘরে থাকা খাওয়া স্ত্রীর কষ্ট জ্বালা  
কে দিলে রে দুখের ঘরে সুখের একটু আলা।  
শোবার কালে পুরো খাটটি তাহার লাগে তবে  
এমন মোটা মানুষ যে ভাই দেখি নি রে ভবে।

সুখের দুখে মোটা মানুষ সদা ভেবে চলে  
কখন কি যে হয়ে যাবে নাহি আসে বলে।  
সবাই মানুষ চিকন মোটা ভেদাভেদ নাই তোরে  
সুখে দুখে সব সময়ে ধরো হাতটি জোরে।

রচনাকালঃ  
২৩/০৭/২০২১

৪+৪+৪+২ স্বরবৃত্ত ছন্দ
