# মেঘেদের জল-চোখ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-04-21T13:02:20+00:00
- Updated: 2017-04-21T13:02:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/

---

রেশমি মেঘেদের দীর্ঘশ্বাসে  
মেঘ-চোখের জলস্রোত ঝুলে আছে, ভারী হয়ে,  
ভাবে, রক্তস্রোত হয়ে গড়াবে, হয়-না গড়িয়ে পড়া।  
এ আমার-ই মেঘ-জল;

দিনের ওবেলায় আকাশের গায়ে এলো-চুল মেলে  
বসে আছে মেঘ, দু’জনায় কবিতা পড়বে বলে,  
বিঘত চুলে, চোখ চিবুক জড়িয়ে ঢেকে যাবে  
গুচ্ছ-গুচ্ছ কবিতা, বারে-বারে;  
কবিতা-সন্ধ্যা  
কবিতা-রাত্রি  
কবিতা-সকাল,  
গভীর সবুজ ছুঁয়ে জেগে জেগে স্বপ্নজাল বুনবে  
ঝ’রে পড়ে ম’রে যাবে না নিরর্থ আলাপ প্রলাপ-গুঞ্জনে;  
দরশে-পরশে সুখের সুখে দুঃখের দুঃখে,  
চাঁদের আলোয় চিকচিকে এলো-চুলে  
হাওয়ায় ভাসিয়ে চলে এসো;  
এখুনি, এখানে-না-হয় ওখানে, যেখানে-খুশি,  
এসো-তো, আসোই-না ঐ দিগন্তের সবুজ-ছোঁয়ায়,  
ছুঁড়ে ফলে অগাধ বিশ্রান্তি, অপেক্ষা,  
বরেণ্য অবিশ্রান্ততায়  
সবুজ বিকেলের সোনাজলের রঙিন-মায়ায়।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/#comments
