# মেঘমল্লার আগমন

Author: সুপর্ণা ফাল্গুনী
Published: 2021-06-02
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3/

অনেক কাঠখড় পুড়িয়ে, সর্বাঙ্গে আগুনের পরশ বুলিয়ে – অবশেষে তুমি এলে!  
তাপদাহের কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে, হিম-শীতল স্পর্শের আলিঙ্গনে- তুমি এলে জুড়াতে প্রাণের স্পন্দন।  
সে-ই তো এলে তবে কেন পথে হলো দেরী?  
আরো আগে কেনো ধরা দিলেনা, ছুঁয়ে দিলে না প্রশান্তির আলিঙ্গন?  
তোমারি অপেক্ষায় কেটেছে অষ্টপ্রহর;

চোখের পাতায় নিদ্রাদেবী আসন পেতে বসেনি- স্বপ্নের রহস্যময়তায় , বর্ণহীন দৃশ্যগুলো দৃশ্যমান হয়নি কতকাল! পাপড়িগুলো আলিঙ্গনের আবেশে হারিয়ে যায়নি মহাকালের গর্ভে,  
তোমার চরণখানি বুকের বাম অলিন্দে লক্ষ্মীর পদচিহ্ন আঁকেনি অজানা অভিমানে।  
ধরা দিলেই যখন- তখন আর অভিমান গুলো নিকষ-কালো অমাবস্যার মতো দীর্ঘ হতে দিবো না! মোম-জ্যোৎস্নার চাদরে জড়িয়ে নেবো আলিঙ্গনের মিষ্টি আদর।  
শ্রাবণের বারিধারা আর তোমাকে যেতে না দিবো; তোমাকে শীতলতার বসন করে অঙ্গে জড়িয়ে রাখবো।

ছবি-গুগল
