# মৃত্যুর আত্মহত্যা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2014-03-17T02:57:31+00:00
- Updated: 2014-03-17T08:50:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

---

সে নাকি তাকে শিখিয়েছিল –  
কোন এক নির্নিমিখ নিরাল নিশীথে উজিয়ে উথলে উঠে ভালবাসতে হয় নবোঢ়ার নথের হিল্লোলে আর রণরণানো চিৎকার শীৎকারে । শিখিয়েছিল – কী করে অযুত সমুদ্র মন্থনে গরল এড়িয়ে অমৃত তুলে নিতে হয় । কালো চাঁদের বুকে মাথা রেখে ঘুমুতে হয় , জোনাকির পিঠে চড়ে হাওয়ায় ভাসতে হয় , শিশিরের গন্ধ নিয়ে স্বাচ্ছন্দে মরুর সমুদ্র গিরি-খাদ পেরোতে হয় জ্যোৎস্না চোখে শুধু মরূদ্যানের খোঁজে ।

শোনানোর ছিল কথা – নবীয়সী নিখুঁতার নিকানো নফসের নহবত ।

প্রজাপতির ডানার রং নিয়ে ছবি আঁকা শেখানোর ছিল কথা । ধরবে কালসাপ বীণ বাজিয়ে , শ্মশানে শেখাবে ডাকিনী মন্ত্র ভাদ্রের অমাবশ্যায় , শুক্তি কুড়িয়ে মুক্তোয় ভরাবে দু’হাত , সারাবে কোঁয়াজ্বর শুধু মন্ত্র ফুঁকে – এমন কথাও ছিল । কথা ছিল শেখাবে – লাম্পট্য সেবনে পাতাল সুখ ।

অচ্ছদ নির্বাণোন্মুখ নিঝুম নিতম্বের হেলদোলে নরান্তকের পিশাচ হাসি হেসে বলেছিল – নধরকান্তি নাকাল নস্তিত নন্দলাল হতে , বলেছিল – নাচদুয়ারের নাঙ হতে ।

একবার সে তাকে শাড়ির আচলে গুঁজে চুপিসারে দিয়েছিল নবান্নের নকুল , টুপ করে মুখে পুড়ে । কাছে বসে মুখে তুলে দিয়েছিল ধোয়া ওঠা ঘন গাঢ় বাঘের দুধের চা – পরম যত্নে সানুনয় সান্নিধ্যে ।

কথা রাখেনি , সে তাকে দীক্ষা দিয়েছিল নীরব আত্মহত্যা মন্ত্রের ।

---

Comments: 46 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#comments
