# মুক্তির দূত

- Author: [খাদিজাতুল কুবরা](https://sonelablog.com/author/khadizatul-kubra/)
- Published: 2020-07-20T09:58:52+00:00
- Updated: 2020-07-20T20:24:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4/

---

তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,  
তোমায় পাঠিয়েছেন স্বয়ং বিধাতা!  
তিনি নিশ্চয়ই খুলে দেখেছেন আমার যাতনার খাতা।  
দেখেছেন খড়খড়ে শুকনো রক্তাক্ত সব পাতা!

তাই তোমাকে ভালোবেসেছি বলে অনুতাপ হয়না।  
মুক্তির স্বাদ পেতে বলো কে চায় না?

মিনতি করি প্রিয় একা ছেড়ো না,  
এখানে ভয়াল রাত, বিভীষিকা ময় প্রভাত!  
আমার ভীষণ ভয় করে, সইতে পারি না।

হৃদয়টা তোমার হৃদয়ে লুকিয়ে রাখো,  
মুখটি তুলে ধরে না-ই বা দেখো।

ক্রুর দৃষ্টি রুঢ় ব্যবহার আমার নৈমিত্তিক আহার,  
ভুখা চোখ দেখে শান্তির পায়রার বন্দীত্ব আর অনাহার।  
বিজয় কেতন উড়াবো আবার…  
যদি অধিকার পাই ভালোবাসিবার।

আমায় মুক্ত করো হে মহান,  
তুমি আমার জীবনে বিধাতার বিশেষ দান।  
কায়াটা পড়ে থাকুক বাঘের খাঁচায়,  
তুমি শুধু মায়াটুকু তুলে নাও তোমার নায়।

আমার ভীষণ ভয় করে!  
আতংকে কাটে দিন রাত কাটে শংকায়!  
হৃদয়ে তোমাকে যদি না পেতাম,  
হয়তো আগের মতো এখনও দিনে শতবার মরতাম।

তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,  
উড়বো আমি তোমার আকাশে আশা অযুত।  
তোমায় পাঠিয়েছেন বিধাতা তুমি মুক্তির দূত।

#বিঃ দ্রঃ  কবিতাটি” হামারি আদুরি কাহানী “মুভি অবলম্বনে লিখেছি।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4/#comments
