# মিলন-যুদ্ধের পুষ্প বিলাস

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-11-16
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8/

নির্ঘুমের প্রত্যাশায় জেগে আছি আজ-ও,  
বলেছিলে আসবে, এই হেমন্তে;  
শতবর্ষের ক্লান্তি নবায়ন করে করে  
প্রত্যাশার তাঁত বুনে বুনে  
অদৃষ্টের নিকুচি করে, জয়-পরাজয়ের বনেদি হিসাব  
পাশে ফেলে, নকশা-তোলা হাতের তালুতে  
ভাঁজ খোলা কবিতা-স্পর্শ-পল্লব দেখব বলে;

নিঃশব্দে মিলিয়ে যাবে একাকীর একাকীত্ব  
কবিতার নিগূঢ়-নিয়ম নিঃশ্বাসে, স্পর্শ কাতর  
মধুচন্দ্রিমার-মৌমাছি-গুঞ্জনে, বিষাক্ত হুলের  
আলোর ঝলকানিতে, ভয়-শূন্যের ব-দ্বীপে;

যোজন যোজন দূর থেকেও দেখতে পাচ্ছি  
হাসির আলোয় বিদ্যুতের খুনসুটি,  
ম্যাজিশিয়ান নও তা ও জানি!  
আকাশে রুমাল উড়িয়ে কী সংকেত দাও!  
আকাশ-বাঁশি বাজিয়ে-ও!

সংহার-মন্ত্র জানি, তা-ও তো জানো!  
পাখিদের ডাক শুনি আজ-ও, বুঝি সে ডাকের ভাষা,  
অজগর-নদী নাভির জ্বল-জ্বলে তিল চিহ্নটি দেখাচ্ছে,  
সোনাদ্বীপের ফসল আজ সোনালী আভায় চোখ ফেলে চেয়ে আছে,  
মিলযুদ্ধের পুষ্প বিলাসের তড়পানো সময় যে বয়ে যাচ্ছে!

অস্তাচলের লাল আভায় কবিতা নিয়ে-ই এসো।  
এই উৎসুক কিচির মিচির হেমন্তের কবিতা-উৎসবে,  
যেমন কথা দিয়েছিলে, শূন্য শব্দের শেষ তিথিতে;  
নোলকে লিখেছি কবিতা, শুধু-ই তোমাকে দেব বলে।
