# মিলনের এ মেলায়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-23T03:15:24+00:00
- Updated: 2020-02-23T03:38:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f/

---

 

তোমরা কারা? কতক্ষণ হলো এলে?  
কত দূর থেকে এলে? এত এত দেরি কেন হলো?  
ও ও এলে-না কেন?

এমন ক্লিসে/আজগুবি প্রশ্ন হা হা হা হা ধ্বনির ফুঁৎকারে  
হারিয়েছে প্রাণ-উল্লাস-নৈবদ্যের অন্তহীন পরমায়ুতে  
সেই কখন, কেউ টের পায়নি;

আনন্দায়িত রূপ থেকে রূপান্তরের অনন্ত ছফরে  
আজই প্রথম এলে যারা, তাঁরা ভাবেন/ভাবে  
‘প্রীতি পেলে থেকে যাব, না পেলে না’ এমনটি আর না;  
প্রীতি পেয়েছি, অতএব থাকছি, থাকব, নিজের বাড়িতে।

এ কোন এ্যাবসার্ড নাটকের, ড্রেস রিহার্সাল নয়,  
নয় হঠাৎ হুট করে উজিয়ে ওঠা মিশ্র খাম্বাজ রাগ!  
নয় আবগারি উন্মাদনা!  
নয় পড়ি মরি করে ত্রস্ত পায়ে ঝুম ঝুমিয়ে পালিয়ে যাওয়া  
রাগ-রক্তিম ব্যঞ্জনা;

প্রসন্ন/প্রশান্ত স্নিগ্ধ সুগন্ধ-দ্বীপ ভালোবাসার হৃদয় অলিন্দে  
এক সুখ কাজ করে তার নাম ভালোবাসা।

বছরান্তে দ্যাখা অতি প্রিয় চির-চেনা মুখদের দেখে  
হৃদয় ব্যাকুল প্রিয় স্মৃতিদের ঘিরে, এ যেন ছিঁড়ে ফুঁড়ে  
হঠাৎ বেরিয়ে আশা বিশ্বস্ত মায়া-বন্ধন, কত কাল আছি  
একসাথে একবুকে, থাকবো ও অবিরাম।

এবারে এইবারেই প্রথম-দেখাদের সাথে দেখাদেখি  
হাসাহাসি করে সবাই ভাবি, এত এত দেরি কেন হলো  
এতো জন্ম জন্মান্তরের চেনা।

এমন-ই হয়, এমন-ই হওয়ার কথা, মৃদু মসৃণ  
সুস্থির মিলন মেলার সুহৃদ্‌ পরমদের সারাদিন সারাক্ষণের  
ভালোবাসার ঝিলিক, স্বপ্ন-ধ্যান-জাগরণে।

---

Comments: 42 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f/#comments
