# মিছিল

- Author: [হালিমা আক্তার](https://sonelablog.com/author/halima7/)
- Published: 2021-08-20T18:02:45+00:00
- Updated: 2021-08-20T18:46:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-2/

---

প্রতিদিন শহরে মিছিল হয়  
মিছিলে থাকে না শ্লোগান ,  
থাকে না প্রতিবাদ ,  
কোন দাবি দাওয়া ও নাই  
তবুও মিছিল হয় ।

মিছিলে শামিল হই  
আমি , আমরা অথবা  
আমাদের মতো কেউ ।

এ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেনা ,  
গুলি ছোঁড়ে না ,  
ছাড়ে না কাঁদানে গ্যাস ,  
এমনকি কোন ব্যারিকেড দেয়া হয়না ,  
মিছিলে বাধা আসেনা  
এমন মিছিল দেখেছে কেউ কখনো ।

মিছিল মানে ৫২ ‘র মিছিল  
“রাষ্ট্র ভাষা বাংলা চাই ”  
মিছিল মানে ৭১ ‘র স্বাধীনতার সংগ্রাম  
“তোমার আমার ঠিকানা  
পদ্মা , মেঘনা , যমুনা ”  
মিছিল মানে ৯০’র গণজাগরণ  
স্বৈরাচার নিপাত যাক , গণতন্ত্র মুক্তিপাক ”

না এমন কোন প্রতিবাদী মিছিল নয়  
এ এক অন্য রকম মিছিল,  
এ মিছিলে যাওয়া সন্তানকে  
মা আর দেখতে পায়না,  
সন্তান বাবাকে ছুঁতে পায়না ,  
বোন ভাইয়ের কাছে যেতে মানা  
প্রিয়তমা স্ত্রী তাঁর স্বামীকে  
জড়িয়ে ধরতে পারেনা ।

এ মিছিলের শব্দ হারিয়ে গেছে  
কথারা লুকিয়েছে অদৃশ্য  
শত্রুর আঘাতে,  
অন্য রকম মিছিল  
নিরব নিস্তব্দ মিছিল ।

এ মিছিল আমরা চাইনা  
আমরা প্রতিবাদী মিছিল চাই  
আমরা কোলাহল চাই  
আমরা বাঁচতে চাই  
আমরা জাগরণের গান  
শুনতে চাই গাইতে চাই ।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-2/#comments
