# মা

- Author: [সীমান্ত সৈকত](https://sonelablog.com/author/simanto-soikat/)
- Published: 2015-05-09T20:13:59+00:00
- Updated: 2015-05-10T16:32:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-12/

---

সে যে আগলে রেখেছিলো আমায়,  
ডানার দেয়ালে লুকোনো মুরগী ছানার মত ।  
করেছে পিছু ধেয়ে আসা স্রোতে শত মৃত্যুবাণ,  
দক্ষ হাতে হাল ধরা নাবিকের মনোবলে ।

গিয়েছি বিপথে,  
করেছি আরোহণ অন্ধকারের কালো পাহাড়ে,  
খেয়েছি কাদাজল জীবন মৃত্যু ডুবসাঁতারে ।

তুচ্ছ করে জীবন বাড়িয়েছ হাত,  
করিয়েছ অবরোহণ,  
শিখিয়েছ বাস্তবতা ।

স্বার্থের ঊর্ধ্বে থেকেছ তুমি,  
করনি কুণ্ঠা  
রাখতে নিজেকে বলির মৃত্যু ফাঁদের নিচে ।

কে গড়েছে তোমায় ?  
শিখিয়েছে তোমায় বিলিয়ে দিতে নিজেকে  
গঙ্গার স্রোতে ভাসন্ত  
শ্মশানে পোড়া লাশের কালো ছাইয়ের সাথে ।

তুমি মা ,  
এই কি শুধু তোমার পরিচয় ?

জ্বালিয়েছ বাতি কচি হাতে গড়া শূন্য মনে,  
করেছ মহান, হারিয়ে নিজেকে ।  
কৃতঘ্ন হয়ে পিছু হটাবে তোমায়,  
অধমের পা চাটা কে সে গোলাম ?

তুমি আছ হৃদয়ে,  
থাকবে নিজ হাতে বীজ বপন করা মনের গহীনে,  
যেমনি ছিলে ঘুমের ঘোরে আত্ম স্বপনে ।।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be-12/#comments
