# মায়ের কাছে চিঠি

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2015-09-10T21:22:32+00:00
- Updated: 2015-09-10T21:22:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-2/

---

[!\[সুস্মিত হাসির ছোঁয়া\](http://sonelablog.com/wp-content/uploads/2015/09/264374_2061225926649_7036299_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/09/264374_2061225926649_7036299_n.jpg)

***সুস্মিত হাসির ছোঁয়া***

মা,

তোমার গর্ভের ঘ্রাণ চাই আরেকবার। এ জন্মের খোলস পড়ে আজও আমি ভালো হতে পারিনি। অযাচিত ভাবে বয়ে নিয়ে যাওয়া জীবনে আক্ষেপ করার সুযোগটুকু ও পেতে দিচ্ছে না রাত-দিনের বেহিসেবি পাঁচালী। তোমার জঠরের রক্তের ভেতরে মাংসপিণ্ড হয়ে থাকার সময়গুলো আজও ডাকে। ওখানে ঝড় ছিলোনা, নিঃশ্বাসের ভাবনা ছিলোনা। ছিলোনা ক্ষুদ-পিপাসার জ্বালা, ভালোবাসা পাওয়া-না-পাওয়ার হিসেব, ছিল না নগ্ন প্রতারণা। এখন আমি নিঃশ্বাসে শুধু উগ্রতর গন্ধ পাই, দম আটকে আসে মা। আর বুঝি নিস্তার নেই। আমি আজ মিছে ফসলের চাষী, রোজ বুনো ফসলের চাষ করে যাচ্ছি। বিক্রি করছি রোজ তাকে-ওকে-অন্যকে। বিনিময়ে খোলামকুচি। আমি কি এতোই জটিল হয়ে গেছি? সবাই বলে অনেক মিষ্টতা ছিলো, এখন আমি শুধুই বিভীষিকা। এই যে আমার খোলা দোকান। সেখানে একটি আরশি ঝুলছে দেয়ালে। একটি সিন্দুক ও রাখা আছে। ওই বাক্সের ভেতর কি যে জমাচ্ছি, সে হিসেব কবে হবে, আদৌ হবে কিনা, জানিনা।

সেই কবে থেকে ক্ষুধার্ত! বলতে পারো মা, এতো খিদে কেন আমার? স্বস্তির খিদে, সুখের খিদে, শান্তির খিদে, বন্ধুত্বের খিদে। ওসব খাদ্য এ পৃথিবীর কোথাও নেই। অথচ মনে আছে জরায়ুজ অবস্থায় ওসব খাদ্য আমার খিদে নিবারণ করতো। তোমার গর্ভে আবার ফিরে যেতে চাই। মা, জন্ম নেবো আবারও তোমার উষ্ণ উত্তাপের জন্যে।

ইতি তোমার আত্মজা

**চেষ্টা করলাম একটিবার পৃথিবীর সকল সন্তানদের পক্ষ থেকে মায়েদেরকে একটি চিঠি দিতে। এ চিঠি শুধু আমার মামনির জন্যে না। সকল মায়েদের জন্যে। যারা কখনও তাদের সন্তানদের স্বস্তিটুকুই চায়, বিনিময়ে কিচ্ছু চায় না। পৃথিবীর সকল মায়েদের আমার প্রণাম।

হ্যামিল্টন, কানাডা  
৮ সেপ্টেম্বর, ২০১৫ ইং।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-2/#comments
